যেকোনো টুর্নামেন্টেরই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলকে রাখার একটা অলিখিত রীতি আছে। বঙ্গবন্ধু কাপও ব্যতিক্রম হচ্ছে না। ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে দীর্ঘ প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলছে, এটা তাই নিশ্চিতই।
তা সেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল? মালয়েশিয়াকেই পছন্দ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের, ‘মালয়েশিয়া সম্পর্কে বাংলাদেশের দর্শকদের যেহেতু একটা ধারণা আছে, কাজেই আমরা চাই বাংলাদেশ-মালয়েশিয়া উদ্বোধনী ম্যাচ।’ বাংলাদেশের গ্রুপে সম্ভাব্য তৃতীয় দল হিসেবে শ্রীলঙ্কার নামটাও বলে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থাকার কথা অন্য গ্রুপে।
এ ধরনের টুর্নামেন্টে গ্রুপিং হয় সাধারণত ড্রয়ের মাধ্যমে। তবে বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক হওয়ায় বাফুফে সে পথে হাঁটবে না বলেই জানালেন সালাউদ্দিন। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ পরে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে আমরা ড্র-ও করব।’ তা-ই যদি হয়, তাহলে গ্রুপিং হয়ে গেছে এমনটা বলা যাবে না। কাজেই একটা বিভ্রান্তি রয়েই যাচ্ছে।
সে ক্ষেত্রে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা এক গ্রুপে, এটিই তো এখন বলা যাচ্ছে না! বাংলাদেশ-মালয়েশিয়া উদ্বোধনী ম্যাচ তো অবশ্যই নয়। এটিকে আসলে বাফুফের আকাঙ্ক্ষা বলাই ভালো। অন্য হিসাবও আছে। সিঙ্গাপুর জাতীয় দল পাঠানোর নিশ্চয়তা দেয়নি। বাহরাইনের মতো তারাও অনূর্ধ্ব-২৩ দল পাঠালে গ্রুপিং নিয়ে ভিন্ন চিন্তা হতে পারে, এমন গুঞ্জনও বাতাসে ভাসছে।
সে যা-ই হোক, অবশেষে টুর্নামেন্টটা মাঠে গড়াচ্ছে, এটাই বড় খবর। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা দল
ঢাকায় আসছে ২৭ জানুয়ারি। বাহরাইনের আসার কথা ৩০ জানুয়ারি।