বাংলাদেশ শ্রীলঙ্কায় যাচ্ছে 'আন্ডারডগ' হয়েই

>
- সফরের আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বললেন কোর্টনি ওয়ালশ।
- বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন কোচের আপাতত লক্ষ্য ফাইনালে ওঠা।
- তবে নিদাহাস ট্রফিতে নিজেদের ‘আন্ডারডগ’ ভাবতে কোনো আপত্তি নেই ওয়ালশের।
সৌম্য সরকার গতকালই বলেছিলেন লড়াইয়ের আগে নিজেদের পিছিয়ে রাখতে চান না। কিন্তু বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ কঠিন বাস্তবতাই তুলে ধরলেন। কলম্বোয় বাংলাদেশ নিদাহাস ট্রফি শুরু করবে ‘আন্ডারডগ’ হিসেবেই।
নিদাহাস ট্রফির আগে দেশের মাঠে দুই দিনের যে অনুশীলন সূচি দিয়েছিল বিসিবি, সে অনুযায়ী আজ অনুশীলন শেষে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে আসার কথা ছিল দলের অধিনায়ক ও প্রধান কোচের। যেকোনো সফরের আগে সাধারণত এমনটাই দেখা যায়। কখনো কোচ না এলেও অবশ্যই অধিনায়ক আসেন সংবাদমাধ্যমের সামনে। কিন্তু আজ ব্যতিক্রম, অধিনায়ক নন, এলেন শুধু কোচ। অধিনায়ক কেন এলেন না, সেটি পরিষ্কার হলো খানিক পরেই।
নিদাহাস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন কে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিল না না টিম ম্যানেজমেন্ট। পরে বিসিবি জানিয়ে দিয়েছে আঙুলের চোট সেরে না ওঠায় সাকিব আল হাসান থাকছেন না এই সিরিজে। তাঁর অনুপস্থিতিতে মাহমুদউল্লাহ অধিনায়ক। সাকিব না থাকা, দেশের মাঠে গত দুই মাসের বাজে পারফরম্যান্স, আবার দুই শক্তিশালী প্রতিপক্ষ—বাংলাদেশের কোনো আশা আছে এই সিরিজে?
আজ সংবাদ সম্মেলনে ওয়ালশ আশার কথা যেমন শোনালেন, তুলে ধরলেন কঠিন বাস্তবতাও, ‘আমার মনে হয় আমাদের ভালো সুযোগই থাকবে। তবে অবশ্যই আমরা সেখানে আন্ডারডগ হয়ে যাচ্ছি। খেলতে যাচ্ছি শক্তিশালী দুটি দলের বিপক্ষে। যদি আমরা ধারাবাহিক খেলতে পারি, আমাদের ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। যদি ফাইনালে যেতে পারি, তখন ব্যাপারটা হয়ে যাবে এক ম্যাচের। আশা করি নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারব, ভালো ক্রিকেট খেলব, ধারাবাহিক ক্রিকেট খেলব।’
বাংলাদেশের জন্য সিরিজটা আরও কঠিন হবে টি-টোয়েন্টি সংস্করণের কারণ। যেটি বাংলাদেশের কাছে বরাবরই গোলকধাঁধা! ওয়ালশ সেটি জানেন। কঠিন হলেও বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে যে বাংলাদেশ জিততে জানে, সেটিও মনে করিয়ে দিলেন ক্যারিবীয় কিংবদন্তি,‘এই সংস্করণে আমরা খুব একটা ভালো করতে পারিনি। গত শ্রীলঙ্কা সফরে আমরা একটা টি-টোয়েন্টি জিতেছিলাম। স্পষ্ট মনে আছে সেটি ছিল ম্যাশের (মাশরাফি) শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আমরা চেষ্টা করব নিজেদের পুনরুজ্জীবিত করতে। মনোযোগ থাকবে ভালো খেলার, যেটা আমরা সেখানে খেলেছিলাম। হ্যাঁ, শক্তিশালী দলের বিপক্ষে এটা চ্যালেঞ্জিং। তবে আমি মনে করি প্রতিযোগিতায় তিনটি দলই শক্তিশালী। নির্দিষ্ট দিনে কোন দল বেশি ভালো খেলতে পারে, বেশি পরিকল্পনা কাজে লাগাতে পারবে, সেটি হচ্ছে ব্যাপার।’
চ্যালেঞ্জ আছে ওয়ালশেরও। হতে পারে আপৎকালীন দায়িত্ব, কিন্তু প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক দলের প্রধান কোচ হিসেবে সিরিজ শুরু করতে যাচ্ছেন, নিশ্চয়ই তাঁরও ভালো কিছু করার লক্ষ্য থাকবে। অবশ্য কোচের কী লক্ষ্য থাকে, নিশ্চয়ই অনুমান করতে পারছেন। ওয়ালশ অনুমিত সেই কথাটাই বললেন, ‘আমার লক্ষ্য এই সফরে যত বেশি সম্ভব ম্যাচ জেতা। খুবই আশাবাদী যে সেটা করতে পারব। যদি ফাইনালে যেতে পারি তবে অনেক ভালো হবে। এ মুহূর্তে আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’
কাল দুপুর ১টায় কলম্বোয় রওনা দেবে বাংলাদেশ। গতবার শ্রীলঙ্কায় বাংলাদেশ গিয়েছিল অনেক প্রত্যাশা নিয়ে। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অনেক মিলও ছিল সফর শেষে। এবার বেশি প্রত্যাশা করাটা বাড়াবাড়ি হলেও এটাই তো সুযোগ সবাইকে চমকে দেওয়ার!