বাংলাদেশ হারাল ব্রাজিলিয়ানদের
ফুটবলে বাংলাদেশ জাতীয় দল ব্রাজিলকে হারিয়ে দেবে, এমন স্বপ্ন দেখাটাও অবান্তর। কিন্তু বাংলাদেশের খুদে ফুটবলাররা কাল ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের বয়সভিত্তিক দলকে হারিয়ে দিয়েছে। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত সুপার মক কাপ ফুটবল ফেস্টিভ্যালের প্লেট পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল ২-১ গোলে জিতেছে করিন্থিয়ানসের কিশোরদের বিপক্ষে।
ম্যাচের ১৩ মিনিটে অবশ্য বাংলাদেশই খায় প্রথম গোল। কিন্তু এক গোলে পিছিয়ে পড়েই খেলায় ফেরার চেষ্টা করে। ম্যাচের ৩০ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরায় আগের ম্যাচে জোড়া গোল করা জিহান। জিহানই জয়সূচক গোলটি করেছে ৪৩ মিনিটে। এই জয়ে প্লেট পর্বের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আজ বাংলাদেশ শেষ চারে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের সঙ্গে।
কাল ম্যাচ শেষে কোচ জাকারিয়া বাবু ছিলেন উচ্ছ্বসিত, ‘ছেলেদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছেন প্রতিদিনই। ওরা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলেছে বলেই এমন ঐতিহাসিক জয়টা এসেছে। আশা করি, কাল ওরা আরও ভালো খেলে প্লেট ফাইনালে উঠবে।’