বাংলাদেশকে গোলে ভাসাল জর্ডান
২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের কাছে দুই ম্যাচে ১২ গোল খেয়েছিল বাংলাদেশ। ঢাকায় ৪, আম্মানে ৮। তথ্যটা জানা থাকলে কাল জর্ডান অনূর্ধ্ব-২৩ দলের কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ৭-০ গোলে উড়ে যাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। দুই দলের শক্তির বিশাল পার্থক্য এটিকে বরং স্বাভাবিক স্কোরলাইনই বলবে!
বাংলাদেশ কোচ অ্যান্ড্রু ওর্ড এমন কিছুর ইঙ্গিত পেয়েছিলেন কি না, তিনিই ভালো জানেন। তবে বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচের আগে মুখে অন্তত প্রতিরোধ গড়ার কথা বলেছিলেন। এমনও বলেছিলেন, ফিলিস্তিনে এই এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জর্ডানের ওপর চাপ থাকবে এবং চাপে তারা ভুল করতে পারে। সেই সুযোগ নিয়ে বাংলাদেশ দল চমক দিতে চাইবে।
কিন্তু কোচ যতই আশা করুন, মাঠে লড়াই করার ক্ষমতা না থাকলে বড় পরাজয় অনিবার্য। সেই পরিণতিই হলো বাংলাদেশ দলের। জর্ডানের খেলায় অনেকটা ইউরোপিয়ান ছোঁয়া আছে। স্কিলের সঙ্গে শক্তির সমন্বয় করে গেছে তারা কাল ফিলিস্তিনের হেবরোনের মাঠে। উচ্চতা আর শারীরিক সক্ষমতার কথা নাই-বা বলা হলো। মাপা পাস, প্রতিপক্ষকে ধাঁধায় ফেলে বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়া, আর সহজেই একের পর এক বল জালে পাঠিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের শুরুতেই বাংলাদেশকে বাস্তবতা বোঝাল জর্ডান।
এমন হারে দলের রক্ষণের ওপরেই হয়তো বড় দায় চাপে। তবে আলাদাভাবে কোনো বিভাগ নয়, গোটা দলই পাত্তা পায়নি। জর্ডান আসলে বাংলাদেশ দলকে ফুটবল শেখাল।
দুর্দান্ত রণকৌশলে তারা বাংলাদেশের রক্ষণে বল নিয়ে ঢুকেছে আর গোল করেছে। প্রথমার্ধে গোল হয়েছে ২টি। বিরতির পর বাংলাদেশের সব প্রতিরোধই ভেঙে গেছে। বৃষ্টির মতো গোল হয়েছে। এই অর্ধে ৫ গোল খেয়েছে বাংলাদেশ। দুটি করে গোল করেছেন নূর আল দীন, মুসা ও আহমেদ ফাউজি।
শুরুতেই এত বড় ধাক্কা খেয়ে আগামীকাল দ্বিতীয় গ্রুপ ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে কতটা কী করতে পারবে বাংলাদেশ?