বাংলাদেশকে ধন্যবাদ কাহিলের
দারুণ এক হ্যাটট্রিকের সুখস্মৃতি নিয়েই বাংলাদেশ ছাড়লেন টিম কাহিল। শুধু এই হ্যাটট্রিকের জন্যই নয়, ২৭ ঘণ্টার ‘গেলাম, খেললাম, চলে এলাম’ সফরটিকে তিনি মনে রাখবেন বাংলাদেশের মানুষের আতিথেয়তার জন্যও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশ সফর সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ দিয়েছেন সবাইকে, ‘বাংলাদেশ সফরকে সফল করায় যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের সবাইকে আমি বড় একটা ধন্যবাদ দিতে চাই।’
বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ব্যাপারে মুগ্ধতা ঝরেছে তাঁর এই বার্তায়, ‘গেল সপ্তাহটা বেশ কঠিনই ছিল আমাদের জন্য। কিন্তু আমরা সত্যিই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও সে দেশের ফুটবলপ্রেমীদের দেখে মুগ্ধ। খেলা শুরুর আগে ও খেলার পরে আমরা মাঠের দর্শকদের কাছ থেকে যে অভ্যর্থনা আমরা পেয়েছি, তা সত্যিই দুর্দান্ত।’
বাংলাদেশের এই ছোট্ট সফরটি কাহিলের কাছে মনে হয়েছে ‘রাজকীয়’ই। আর এই রাজকীয় মুহূর্তগুলো তৈরি করার জন্য তাঁর ধন্যবাদ বার্তায় আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নামও।
নিজের ইনস্টাগ্রাম বার্তাটি কাহিল শেষ করেছেন শুভ আশাবাদ রেখেই, ‘এই মুহূর্তে ফুটবলের ভালো হয়, এমন বিষয়গুলোতে আমি মনোযোগ দিতে চাই। প্রত্যাশা করি, এই পৃথিবীর প্রতিটি মানুষকে নিরাপদে রাখতে দেশগুলোও যেন কাজ করে যায় একসঙ্গে।’