বাংলাদেশকে বেশি সমীহ করছে ভারত?

বাংলাদেশকে উড়িয়ে দিতে চায় ভারতছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত কী বাংলাদেশকে পাত্তাটা একটু বেশি দিয়ে ফেলছে?

ভারতীয় ফুটবল দলের টুইটার হ্যান্ডেলে এক ভারতীয় ফুটবল সমর্থকের প্রশ্নটা এমনই। ২০১৯ সালে কলকাতায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ৮৮ মিনিটে গোল করে মান বাঁচিয়েছিল ভারত। কোনোমতে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ার সেই ম্যাচে ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন আদিল খান। টুইটারে আদিলের দুর্দান্ত হেডের সেই সমতাসূচক গোলের দৃশ্যটি পোস্ট করে ভারতীয় ফুটবল দলের টুইটারে লেখা হয়েছে, ‘কাল বাংলাদেশের বিপক্ষে খেলব আমরা। এখন অন্য যেকোনো সময়ের চেয়ে অতীতের দিকে ফিরে তাকিয়ে সেই দুর্দান্ত হেডটিকে উপভোগ করার সময়।’

দোহার মহারণের আগে বাংলাদেশ দল
ছবি: বাফুফে

কথাটার গূঢ় অর্থ একটাই। কলকাতায় সেই ম্যাচের বাকি সবকিছু ভুলে ৮৮ মিনিটে আদিল খানের হেডে করা গোলটিকে নিয়ে ভাবার কথা বলা হচ্ছে। ব্যাপারটি এমন যে কলকাতার সেই ম্যাচে বাংলাদেশ কেমন খেলেছে, কী করেছে, কীভাবে গোল করেছে, কীভাবে কৌশলী ফুটবল খেলে গোটা ম্যাচে ভারতকে চাপে রাখা হয়েছিল, সে সব মনে না করে ম্যাচে ভারতের সেরা মুহূর্তটিকে উদ্‌যাপন করা হোক।

সেই পোস্টে এক ভারতীয় সমর্থক করেছেন ওপরের মন্তব্যটি। তাঁর মন্তব্যের বাকি অংশ এমন, ‘ক্রিকেটে বাংলাদেশ যখন ভারতকে হারায়, তখন তারা মনে করে সবকিছু জিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ভারত বাংলাদেশকে উড়িয়ে দেয়। ফুটবলে এর আগে ভারত বাংলাদেশকে হারাতে পারেনি, তার মানে এই না যে, তারা এবারও পারবে না। আমার মনে হয় আমরা অযথাই বাংলাদেশকে বেশি পাত্তা দিচ্ছি।’

গতকাল ভারতীয় মিডফিল্ডার শুভাশিস বোস কলকাতার ম্যাচটিকে বিশদভাবেই মনে রেখেছেন। জামাল ভূঁইয়া, সাদউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিমদের সঙ্গে খেলে তাঁর উপলব্ধি হয়ে বাংলাদেশ দলের খেলার মান নিয়েও। ফিফার তালিকায় বাংলাদেশ যদিও ১৮৪তম অবস্থানে, কিন্তু তিনি মনে করেন বাংলাদেশ যথেষ্ট ভালো দল। কেবল ভালো নয়, প্রতি আক্রমণে খেলে অভ্যস্ত দলটা যে ভারতের জন্য বিপজ্জনক, সেটিও সবাইকে মনে করিয়ে দিতে ভোলেননি তিনি। ঐতিহাসিকভাবেই ভারত-বাংলাদেশ লড়াইয়ে খেলার বাইরেও অনেক কিছুই থাকে। সে কারণেই ম্যাচটা হয় রোমাঞ্চকর এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিনি তো সরাসরিই বাংলাদেশকে সমীহ করার কথা বলেছেন।

কলকাতার সেই ম্যাচে সাদের গোলে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দুর্ভাগ্য আর গোল করতে না পারার চিরকালীন দুর্বলতাই বাংলাদেশকে ম্যাচটা জিতে মাঠ ছাড়তে দেয়নি। এগিয়ে যাওয়ার পর ইব্রাহিমের একটি শট গোলকিপার গুরপ্রীত সিংকে পরাস্ত করেও বারে লেগে ফিরেছিল। মূল স্ট্রাইকার নাবিব নেওয়াজ মিস করেছিলেন দুটি গোলের সুযোগ। শেষটা তো গোলকিপারের ওপর দিয়ে পার করিয়ে দেওয়ার পরেও গোললাইন থেকে প্রতিহত করা হয়েছিল। ৮৮ মিনিটের সেই গোলটিই ৬৭ হাজার দর্শকে ঠাসা কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সেরা মুহূর্ত ছিল। হার এড়ানোর উদ্দাম আনন্দ ভারতীয় সমর্থকের আদিলের ওই গোলটির পরই উদ্‌যাপন করতে পেরেছিল।

কলকাতার পুনরাবৃত্তি দোহায় করতে পারবে বাংলাদেশ?
ছবি: বাফুফে

ভারতীয় ফুটবল দলের টুইটার হ্যান্ডেলে আরও অনেক ফুটবলপ্রেমী মন্তব্য করেছেন। সবারই চাওয়া ভারত বাংলাদেশকে উড়িয়ে দিক। সবারই এক মত, আক্রমণাত্মক ফুটবল খেললে দোহার এই ম্যাচে ভারতের না জেতার কোনো কারণ নেই। ফিফায় ১০৫তম স্থানে থাকা দলের বিপক্ষে ১৮৪তম স্থানে থাকা দলের তো উড়ে যাওয়ারই কথা। কিন্তু কলকাতার ম্যাচটা এই পার্থক্যে বড় সংশয় তৈরি করে দিয়েছে।

এ পোস্টেই ভারতের আরেক ফুটবলপ্রেমীর মন্তব্যও আনতে হয়। তাঁর কথা সোজা-সাপ্টা। কলকাতার সেই ম্যাচটি তিনি যে মনে আনতে চান না, ‘সবচেয়ে ভালো হয় ওই ম্যাচটাকে যদি আমরা ভুলে যেতে পারি। কলকাতার ওই ম্যাচে ভারতের পারফরম্যান্স ছিল খুবই বাজে। সে ম্যাচে মাঝমাঠ থেকে আক্রমণে খেলা নিয়ে যাওয়ার কোনো সুন্দর চেষ্টাই দেখিনি। ভারত সেদিন কয়টা সুযোগ তৈরি করতে পেরেছে? ওই ম্যাচের একটাই ভালো জিনিস হচ্ছে শেষের দিকে এসে হার এড়ানোর গোলটি। পরের ম্যাচে আমাদের আক্রমণাত্মক হয়েই গোল বের করে আনতে হবে।’

কাল ভারতের বিপক্ষে ম্যাচে তাহলে কঠিন চাপেই পড়তে যাচ্ছে বাংলাদেশ!