বাংলাদেশকে সমীহ করছে জর্ডান
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ওপর চোখ রাখছিলেন পল পুট। জর্ডান জাতীয় ফুটবল দলের বেলজিয়ান কোচ ওই ম্যাচের প্রথমার্ধটা দেখেছেন টিভিতে। দুই দলের বিশাল পার্থক্যটা তাঁর চোখও এড়ায়নি। কাল ঢাকায় নেমে বিমানবন্দরে সেটাই বললেন ৫৯ বছর বয়সী কোচ, ‘ফল তো আসলে এমনটাই হওয়া স্বাভাবিক। অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। কাজেই বাংলাদেশ দলের আসলে কিছু করার ছিল না।’
একটু সহানুভূতিই যেন ঝরল এ বছরই দায়িত্ব নেওয়া জর্ডান কোচের কণ্ঠে। তবে ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই সহানুভূতি নিশ্চয়ই দেখাতে চাইবেন না ২০০৭-১১ গাম্বিয়া ও ২০১২ সালে বুরকিনা ফাসোর দায়িত্বে থাকা এই কোচ। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে বড় জয়ই তাঁর প্রত্যাশা। তবে মুখে সেটির প্রকাশ নেই। বাংলাদেশ দলকে সমীহ করে সামনে আনছেন ফুটবলের সেই চিরন্তন
কথাটা, ‘ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। আমরা বাংলাদেশকে মোটেও হালকা করে দেখছি না।’
কিন্তু ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। ২০০৪ ও ২০১১ এশিয়ান কাপের শেষ আটে খেলা জর্ডানের চেয়ে ৮২ ধাপ নিচে। প্রসঙ্গটা তুলতেই জর্ডান কোচ যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন র্যাঙ্কিংয়ের দূরত্বটা, ‘ফুটবলে সব সময় র্যাঙ্কিং ওঠা-নামা করে। এটা কোনো ব্যাপারই নয়। আমরা মাঠের পারফরম্যান্সে বিশ্বাসী, কাগজ-কলমে কে এগিয়ে, কে পিছিয়ে তা নিয়ে একদমই
ভাবছি না।’