বাংলাদেশকে হিসাবে রাখছে সবাই

সবার আগে প্রেস কনফারেন্স কক্ষে উপস্থিত হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মাহবুব হোসেন রক্সি। অল্প সময়ের মধ্যেই একে একে জড়ো হলেন তাজিকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কোচ। হাসিমুখে সৌজন্য বিনিময় করলেন; একে অন্যের বিপক্ষে ঘোষণা করলেন যুদ্ধও। তাজিক রাজধানী দুশানবের পাঁচ তারকা হোটেলে এএফসির নির্ধারিত ম্যানেজারদের সভার সারাংশ হলো, ‘বিনা যুদ্ধে হার নয়’। যেখানে ঘুরেফিরে প্রতিপক্ষ সব কোচের মুখেই ভালো দল হিসেবে এসেছে বাংলাদেশের নাম। অনুষ্ঠানে কেবল উপস্থিত ছিলেন না গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল উজবেকিস্তানের কোচ।
কালই শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের খেলা। এতে বাংলাদেশের গ্রুপসঙ্গী মালদ্বীপ, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও স্বাগতিক তাজিকিস্তান। এই গ্রুপে উজবেকিস্তান ও তাজিকিস্তানই যে সবচেয়ে এগিয়ে, সেটি আর বলে দিতে হয় না। সেটি তাজিক কোচ মুবিন আরগাসেভ জানিয়ে দিলেন সোজাসাপটাই। তবে তাঁর শঙ্কা এই নিরঙ্কুশ আধিপত্যে ভাগ বসানোর মতো দল বাংলাদেশই, ‘বাংলাদেশই কেবল তাজিকিস্তান ও উজবেকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে পারে।’
তাজিকিস্তানের কোচ খুব ভালো করেই জানেন বাংলাদেশ আগামীকাল তাদের ভালোই পরীক্ষা নিতে সক্ষম। সম্প্রতি ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্স মাথায় রেখেই এমন শঙ্কা তাঁর, ‘বাংলাদেশের বিপক্ষে কাল আমাদের ভালো পরীক্ষাই দিতে হবে।’
বাংলাদেশের প্রতি শ্রদ্ধার কমতি নেই মালদ্বীপের কোচ এহসান আবদুল গণিরও, ‘কোনো সন্দেহ নেই পাঁচ দলের মধ্যে আমাদের দক্ষিণ এশিয়ার তিনটি দেশই অপেক্ষাকৃত দুর্বল। তবে এখানে ভালো করার সামর্থ্য রাখে বাংলাদেশ।’ গত মাসেই থিম্পুতে বাংলাদেশের কাছে ২-০ গোলে হেরেছিল মালদ্বীপ। বাংলাদেশের শক্তি সম্পর্কে তার চেয়ে ভালো আর কে-ই বা জানে।
সাফের আরেক প্রতিনিধি শ্রীলঙ্কার কোচ সুমিত ওলপোলারও বাংলাদেশ সম্পর্কে ভালোই ধারণা আছে, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের খারাপ সময় গেলেও এই যুব দলটি ভালো খেলছে। বাছাইপর্বে তাদের ভালো করার সম্ভাবনা আছে।’
প্রতিপক্ষ সব কোচের কথাই পাশে বসে মন দিয়ে শুনলেন মাহবুব হোসেন রক্সি। সবাই তাঁর দলকে সমীহ করছে। এখন দেখা যাক তাঁর শিষ্যরা কতটা ভালো করতে পারে।