বাংলাদেশি রেফারির জন্য ফাইনালে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা সাফ ফুটবলের ফাইনালে উঠতে না পেরে নেপালের কোচ দায়ী করলেন বাংলাদেশের রেফারি আনিসুর রহমানকেই, ‘আমরা রেফারির বাজে কয়েকটি সিদ্ধান্তের কারণে হেরে গেছি। নিশ্চিত তিনটি পেনাল্টি দেয়নি রেফারি। শুধু আমরা নয়, ভারতও সঠিক সিদ্ধান্ত পায়নি অনেক ক্ষেত্রেই।’
শুধু তা-ই নয় নেপালি নারী ফুটবল দলের কোচ কুমার থাপা আয়োজকদেরও এক হাত নিয়েছেন। সেমিফাইনালের অন্যতম দল বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে ভারত-নেপাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশি রেফারি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘সেমিফাইনালে ওঠা কোনো দেশের রেফারিকে অন্য সেমিফা​ইনালে না দেওয়াটাই ভালো।’
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ নেপালকে ৩-১ গোলে হারিয়ে মহিলা সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে ভারত। আজ সন্ধ্যায় বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।
ম্যাচের ৪৪ মিনিটে ভারতকে এগিয়ে নেন কমলা দেবী। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্দু মতি। ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা ছিল নেপালের। কিন্তু গোলমুখে গিয়ে বারবার খেই হারিয়েছেন নেপালি মেয়েরা। যদিও ৭৫ মিনিটে গোল করে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছিলেন প্রতিযোগিতায় ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে থাকা সাবিত্রা ভান্ডারি। কিন্তু ৮৪ মিনিটে সে আশার গুড়ে বালি ঢেলে দেন সুস্মিতা মালিক।