বাংলাদেশে অস্ট্রেলিয়ার 'ডানপন্থী' যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন অস্ট্রেলিয়ার নতুন উদ্বোধনী জুটি গড়বেন বার্নস ও ব্যানক্রফট।
নতুন অস্ট্রেলিয়ার নতুন উদ্বোধনী জুটি গড়বেন বার্নস ও ব্যানক্রফট।

গত ১৫ বছরে যা দেখা যায়নি, সেটাই হয়তো বাংলাদেশ সফরে দেখাতে চলেছে অস্ট্রেলিয়া। ২০০০ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ এমনটা দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ওপেন করতে নামছেন দুই ডান হাতি। ২০১৫ সালের অক্টোবরে এসে চট্টগ্রাম টেস্টে আবারও দুই ডান হাতি ওপেনারকেই সম্ভবত দেখা যাবে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে।
ক্রিস রজার্স গত অ্যাশেজে বিদায় নিয়েছেন। ডেভিড ওয়ার্নারেরও খেলার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। শন মার্শ কিংবা উসমান খাজার মতো বাঁ হাতি ওপেনাররা থাকলেও মিডল অর্ডারের শূন্যতা পূরণের দায়িত্ব হয়তো নিতে হবে তাঁদের। আর তাই বাংলাদেশ সফরে আনকোরা উদ্বোধনী জুটিই দেখা যাওয়ার কথা। জো বার্নসের সঙ্গী হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা ক্যামেরন ব্যানক্রফট। দুজনই ডান হাতি।
ওপেনিংয়ের ক্ষেত্রে ‘বামপন্থী’ ভাবনায় বিশ্বাসী অস্ট্রেলিয়ার হয়ে দুই ডান হাতির ওপেন করার ছবি সাম্প্রতিককালে বিরল। মাইকেল স্ল্যাটার আর গ্রেগ ব্লিগওয়েট ছিলেন সর্বশেষ সর্ব ডান হাতি ওপেনিং জুটি। এর পর গত ১৫ বছরে ১৭৫ টেস্ট খেললেও দুজনই ডানহাতি এমন কোনো ওপেনিং জুটি দেখা যায়নি। এ সময় অস্ট্রেলিয়া ১৪টি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি মাঠে নামিয়েছে। এঁদের মধ্যে মাত্র দুজন খেলোয়াড় ছিলেন ডান হাতি—স্ল্যাটার ও শেন ওয়াটসন।
২০০০ সালের পরই অস্ট্রেলিয়া খুঁজে পায় তাদের ইতিহাসের সেরা ওপেনিং জুটি। ২০০১-এ শুরু হয়ে ২০০৭ পর্যন্ত টানা ছয় বছর স্থায়ী জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেনের জুটি ১১৩ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেছে। এই জুটি রান তুলেছে ৫ হাজার ৬৫৫। ক্রিকেট ইতিহাসেই এর চেয়ে বেশি রান তোলা ওপেনিং জুটি আছে আর একটিই—গর্ডন গ্রিনিজ আর ডেসমন্ড হেইনসের সেই আলোচিত জুটিটি।
ল্যাঙ্গার বা হেইডেন চোটে পড়লে তাদের জায়গায় বিকল্প হিসেবে একজন বাঁ হাতিকেই ডাকা হয়েছিল। ২০০৯ সালের অ্যাশেজে ওয়াটসন ওপেন করতে নামার সঙ্গে সঙ্গে টানা আট বছর পর বাঁ হাতিদের ওপেনিং জুটি ভেঙে যায়। ২০১১-১২-র গ্রীষ্মে আবারও দুই বাঁ হাতির জুটি ফিরে আসে ওয়ার্নার আর এড কাওয়ানের সৌজন্যে। এই জুটি দীর্ঘ না হলেও ওয়ার্নার-রজার্স জুটি মোটামুটি লম্বা সময় ধরেই অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেছে। গত অ্যাশেজে রজার্সের বিদায়ে সমাপ্ত হয় ল্যাঙ্গার-হেইডেন পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল উদ্বোধনী জুটির।
বাংলাদেশ সফরে নতুন অস্ট্রেলিয়ার প্রতীক হয়ে উঠতে পারে বার্নস-ব্যানক্রফটের বি-বি জুটি।