বাংলাদেশে এসে আত্মবিশ্বাস বেড়েছে ব্রাজিলিয়ান ফুটবলারের
বসুন্ধরা কিংসে নাম লিখিয়ে ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচ থেকেই নিজেকে চিনিয়ে আসছেন রবসন দি সিলভা। প্রিমিয়ার লিগে ১৯ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন। রবসন মহাদেশীয় পর্যায়ে কতটা মেলে ধরতে পারেন, সেটিই ছিল দেখার বিষয়। কাল প্রথম পরীক্ষাতে উতরে গিয়েছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স থেকে ধারে খেলতে আসা এই ফুটবলার।
মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এএফসি কাপে প্রথম ম্যাচেই গোল করেছেন রবসন। বসুন্ধরা কিংসের ২-০ গোলের জয়ে তাঁর গোলটি এক পাশে সরিয়ে রাখলেও দলের সেরা পারফর্মার এই ব্রাজিলিয়ান। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
কাল প্রথমে কয়েক মিনিট প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করেছেন রবসন। এরপরই বাঁ প্রান্ত দিয়ে দেখাতে শুরু করলেন তাঁর ফুটবল। তাঁর পায়ে বল যাওয়া মানেই নড়েচড়ে বসতে হচ্ছিল। ঢাকার শক্ত, কাদাভরা বা উঁচু–নিচু মাঠে যিনি ফুল ফোটাতে পারেন, তাঁর কাছে মালের মসৃণ মাঠ ছিল সুরভি ছড়ানোর জন্য মোক্ষম জায়গা। তাঁর প্রতিটি মুভেই বোঝা যাচ্ছিল মাঠের বাকি ২১ জনের চেয়ে এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আলাদা।
ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেছে বসুন্ধরা। ৪০ মিনিটে স্কোরলাইন ২-০ করেছেন রবসন।
প্রতিপক্ষের ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে নেওয়া তাঁর ডান পায়ের বুলেট গতির শট গোলকিপারের কাছের পোস্ট দিয়ে জালে। তাঁকে ঠেকাতে বারবার হিমশিম খেতে হয়েছে মাজিয়ার ডিফেন্ডারদের।
কাল ম্যাচ শেষে এএফসি ওয়েবসাইটের সঙ্গে কথা বলেছেন রবসন। তাঁর কথায় ফুটে উঠেছে বসুন্ধরার প্রতি ভালোবাসা। রবসন বলেন, ‘বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকেই আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমার সতীর্থ খেলোয়াড়, স্টাফ এবং কর্মকর্তাদের সহায়তা পেয়েছি। আমি জানি, এখানে সেরা খেলোয়াড় হতে হলে ভিন্নভাবে খেলতে হবে।’
স্বাভাবিকভাবে ঘরোয়া ফুটবল ও এফসি কাপের ম্যাচের মধ্যে ফারাক আছে। রবসনের কথাতেও পাওয়া গিয়েছে তার আমেজ।
দলকে প্রশংসাতেও ভাসিয়েছেন তিনি, ‘আমাদের লিগের ম্যাচের চেয়ে এএফসি কাপের ম্যাচের তীব্রতা অনেক বেশি। এটা (মাজিয়া স্পোর্টসের বিপক্ষে) খুবই কঠিন ম্যাচ ছিল। আমি দলের প্রশংসা করতে চাই। আমরা সবাই আমাদের পরিকল্পনায় খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা তাদের নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি এবং জানতাম, আমরা যদি পরিকল্পনামতো খেলতে পারি, তবে আমরা কিছু পয়েন্ট পাব।’
২১ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এএফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা। কালকের জয়ের পর পুরো দলকে ১০ হাজার ডলার বোনাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।