ভারত মাতাচ্ছেন বাংলাদেশে পাত্তা না পাওয়া 'রোনালদো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
• ভুটানের স্ট্রাইকার চেনচো গেইলশেনকে ভুটানিজরা ভালোবেসে রোনালদো বলে থাকেন।
• এক মৌসুমে চট্টগ্রাম আবাহনীর হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছিলেন চেনচো। কিন্তু পরের বছরে বিদেশি কোটায় তাঁকে আর দলে ভেড়ানো হয়নি।
• মিনার্ভা এফসির হয়ে এখন ভারতীয় আই লিগ খেলছেন চেনচো। ছয় গোল করে শীর্ষ দ্বিতীয় গোলদাতা।
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন চেনচো গেইলশেন। ছবি : ফেসবুক থেকে নেওয়া
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন চেনচো গেইলশেন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

এই মুহূর্তে কি আফসোসে আঙুল কামড়াচ্ছে চট্টগ্রাম আবাহনী? আশপাশের দুনিয়ায় ঘটে যাওয়া খবর জানা থাকলে আঙুল তো ছিঁড়ে ফেলার কথা বাংলাদেশের ক্লাবটির! সুযোগ থাকা সত্ত্বেও ভুটানের ‘রোনালদো’খ্যাত স্ট্রাইকার চেনচো গেইলশেনকে নেয়নি তারা। সেই ভুটানিজ রোনালদোই এখন ভারত মাতাচ্ছেন। ছয় গোল করে ভারতীয় আই লিগে সর্বোচ্চ গোলদাতার দ্বিতীয় স্থানে রয়েছেন। গোলের পর গোল করে বাংলাদেশের ক্লাবের কাছে পাত্তা না পাওয়া খেলোয়াড়টিই ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয় বড় ক্লাবগুলোর।

চেনচোর সুবাদেই তাঁর ক্লাব মিনার্ভা এফসি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। বিশ দিন আগে ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে জোড়া গোল করে জয় এনে দিয়েছিলেন পাঞ্জাবের দলটিকে। আজ আরেক ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গলের বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচেও গোল করেছেন একটি।

প্রায় ১৫ মাস আগে জোড়া গোল করে চেনচো তো একপ্রকার বাংলাদেশের ফুটবলকেও থামিয়ে দিয়েছেন। থিম্পুতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে ভুটানের কাছে ৩-১ ব্যবধানে হারের ম্যাচে চেনচো করেছিলেন দুই গোল। এরপর তো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আর মাঠেই নামা হয়নি। তাঁর গোল করার ক্ষমতা দেখেই ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম আবাহনী। সাত ম্যাচে গোলও করেছিলেন পাঁচটি। কিন্তু পরের মৌসুমেই আর তাঁকে দলে টানার কথা ভাবেনি ক্লাবটি। সাত ম্যাচে পাঁচ গোল করতে পারা স্ট্রাইকারের কথা ভাবেনি বাংলাদেশের অন্য কোনো ক্লাবও!

চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করার পর চেনচোকে ঘিরে উল্লাস (সবার বাঁয়ে জার্সি নম্বর ৭৭)। ছবি : ফেসবুক থেকে নেওয়া
চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করার পর চেনচোকে ঘিরে উল্লাস (সবার বাঁয়ে জার্সি নম্বর ৭৭)। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ক্লাব কাকে নেবে না নেবে, তা একান্তই তাদের ব্যাপার। কিন্তু শরীরনির্ভর আফ্রিকান ফুটবলারদের ওপরেই তাদের নজর বেশি থাকে, এই অভিযোগটা সবার। বাংলাদেশে না খেলতে পারার পেছনে চেনচোও সে কথাটিই বললেন, ‘বাংলাদেশে খেলার ইচ্ছায় নিজ উদ্যোগে যোগাযোগ করেছিলাম। কিন্তু সাড়া পাইনি। আমি বুঝেছি, বাংলাদেশের ক্লাবগুলো আফ্রিকান খেলোয়াড়দের বেশি পছন্দ করে। এই অঞ্চলের খেলোয়াড়দের নিয়ে তাদের আগ্রহটা অনেক কম।’ যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে জানান তিনি।
অথচ গোল করার লোকের অভাবেই নাকি শিরোপা-দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে, এমন কথা নিজেরাই বলে। নিশ্চিত মিনার্ভার জার্সিতে চেনচোর প্রতিটি গোল তাদের কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে। দলটির বর্তমান ম্যানেজার আরমান আজিজ বলেন, ‘চেনচোর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। তবে ওকে পেলে আমরা অনেক উপকৃত হতাম।’ সময় গেলে কি আর সাধন হয়?