বাংলাদেশে ফিফা চায় বাস্তবভিত্তিক প্রকল্প

তৃণমূলে জুনিয়র, যুব টুর্নামেন্টসহ প্রশিক্ষণ না থাকলে ফুটবল ডুববেই। ফিফার সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার বারবারই বলছিলেন, ‘তৃণমূলে আপনাকে কাজ করতেই হবে। নইলে পতন অবশ্যম্ভাবী।’
পতন তো দেখেও ফেলল বাংলাদেশের ফুটবল। ভুটানের কাছে লজ্জাজনক হারে আপাতত তিন বছর আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসন। বাংলাদেশের সাবেক কোচ অটো ফিস্টারের ছেলের কণ্ঠে তাই জেগে ওঠার ডাক, ‘জাতীয় দলের খারাপ পারফরম্যান্স বলছে, বাংলাদেশ খুব বিপজ্জনক জায়গায়। তৃণমূলে কাজ না হওয়ারই ফল এটা। বাফুফের জন্য এটা সতর্কসংকেত। এখন তাদের জেগে ওঠার পালা।’ এত দিন কথাগুলো সবাই বললেও গা করেনি বাফুফে!
কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে গত সাড়ে আট বছরে যুব পর্যায়ে বিচ্ছিন্নভাবে কিছু কাজ হলেও তৃণমূলে কাজ হয়েছে সামান্যই। তাই মাইকের পরামর্শ, ‘পুরোনো অধ্যায় বাদ দিয়ে বাফুফের উচিত নতুনভাবে শুরু করা। বাংলাদেশের ফুটবলে এটা হতে পারে টার্নিং পয়েন্ট।’
ফিফা ও এএফসির চার সদস্যের প্রতিনিধিদলের নেতা প্রেরণা নিতে বললেন জার্মানি থেকে, ‘২০০৪ ইউরোর গ্রুপ থেকে বিদায় নিয়ে জার্মানি নতুনভাবে শুরু করে। সেই প্রথম জার্মান ফেডারেশন একজন টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দিল, তৃণমূলে কাজ করল। সেটারই ফল ১০ বছর পর ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি।’
বাংলাদেশের স্বপ্নটা বড় নয়, সাফ ফাইনাল খেলতে পারাই এখন ঢের! আর এ জন্য আর্থিক সহায়তা মিলছে ফিফার ফরোয়ার্ড গ্রোগ্রামের অধীনে। এখন থেকে বছরে অফিস খরচ ৫ লাখ ডলার পাওয়া যাবে। এ ছাড়া প্রকল্পভিত্তিক ৫ থেকে সাড়ে ৭ ডলার নেওয়ার সুযোগ আছে। এই টাকা নিতে বাফুফের তৈরি করা ‘মহাপরিকল্পনা’ নিয়েই গত তিন দিন বাফুফে ভবনে তুমুল আলোচনা!
বাফুফে ফিফার কাছে আগামী এক বছরের জন্য চেয়েছে ফুটবল ভবনে খেলোয়াড়দের থাকার আধুনিক ডরমিটরি, একটা জিম, মহিলা ফুটবল ও যুব পর্যায়ে দুটি টুর্নামেন্টের টাকা, যেমন সোহরাওয়ার্দী কাপ। চার বছরের পরিকল্পনায় আছে ভবন-সংলগ্ন টার্ফে ফ্লাডলাইট, ট্রেনিং সেন্টার ইত্যাদি। তৃণমূলের ফুটবল উন্নয়ন নিয়ে দৃশ্যত কিছু নেই। মাইক এটিকে উচ্চাভিলাষী ও বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন, ‘এক সঙ্গে অনেক কিছু না চেয়ে দীর্ঘ ও স্বল্প মেয়াদে কার্যকর পরিকল্পনা নেওয়া উচিত।’
মাইক জানালেন, আপাতত দুই বছরের পরিকল্পনা অনুমোদন করবে ফিফা। এটির সাফল্য-ব্যর্থতা দেখেই পরবর্তী দুই বছরের প্রকল্প অনুমোদনের প্রশ্ন। কিন্তু এসব কাজে বাফুফের যে ঐক্য থাকার কথা, সেটি নেই। দুজন ছাড়া বাকি কর্মকর্তারা কাল ছিলেন না এমন আয়োজনের সঙ্গে!
ঢাকায় ১৯৯৬ সালে বাংলাদেশ বয়েজের হয়ে খেলা মাইক ফিস্টার কিন্তু একবারও বলেননি বাংলাদেশকে কত টাকা দেওয়া হবে। তাঁর কথার সারমর্ম, ‘ফিফা সব বুঝে বাস্তবভিত্তিক প্রকল্পের জন্যই টাকা দেবে।’
বাফুফে কোনো টার্ফ বা একাডেমি চায়নি। অন্তত বিভাগীয় পর্যায়ে যেটির দরকার ছিল। সেসব বাদ দিয়ে তারা সোহরাওয়ার্দী কাপ করতে ফিফার কাছে টাকা চায়! অন্যদিকে একাডেমির ব্যাপারে ফিফার এই অঞ্চলের কর্মকর্তা সাজি প্রভাকরণ বলেছেন, ‘সিলেট বিকেএসপিতে একাডেমি চালাতে পারেনি ফেডারেশন। তবে একাডেমির টাকা ফিফার তহবিলে আছে। বাফুফে চাইলে ক্লাবের সঙ্গে গিয়ে সেই একাডেমি গড়তে পারে।’
এমন পরিকল্পনা আগেও হয়েছে কিন্তু বাস্তবায়িত হয়নি। এবার দেখা যাক কী হয়!