বাংলাদেশে মুগ্ধতা ছড়ালেন, ‘পুরস্কারে’ দীর্ঘশ্বাস নিয়েই ফিরলেন ব্রাজিলে
আপনি কি মনে করেন, আপনাকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ছিল, ঠিক ততটা হয়নি?
সেদিন বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামের আড্ডায় জোনাথন ফার্নান্দেজ শুধু ‘ইয়েস’ বললেই লেখার জন্য ভালো একটি শিরোনাম পাওয়া যেত। জোনাথন ফার্নান্দেজের কাছে এ প্রশ্নটা শুধু এই প্রতিবেদকের নয়, দল–মত ভেদাভেদে অনেক দর্শকেরও। জোনাথনের কোনো হেলদোল না দেখে ছুটে গেল পরের প্রশ্ন।
আপনি কি স্বদেশি রবসন দা সিলভার আড়ালে পড়ে গিয়েছিলেন?
হাসলেন জোনাথন। মাঠে প্রতিপক্ষ তাঁকে অনেকবার ফাউল করার পরও সেসবে গা না করে আবার যেভাবে খেলা শুরু করেন, ঠিক সে ভঙ্গিতেই জবাব দিলেন, ‘আমার যতটুকু পাওয়া উচিত ছিল, আমি তা-ই পেয়েছি। এখানে প্রতিটি দিন আমার ভালো কেটেছে।’
ব্রাজিলের বিখ্যাত বোতাফোগো ক্লাবের গ্র্যাজুয়েট ছিলেন বসুন্ধরার সদ্য বিদায়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন। ১০ বছর বয়সে বোতাফোগোর একাডেমিতে যোগ দিয়ে খেলেছেন ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় স্তর সিরি ‘বি’তে। শীর্ষ স্তর সিরি ‘আ’-তেও একটা ম্যাচ খেলেছেন।
ক্লাবটির অনূর্ধ্ব-১৭ দলে খেলে প্রায় একই সময়ে ম্যাথিউস ফার্নান্দেজের সঙ্গে বোতাফোগোর মূল দলে নাম লিখিয়েছিলেন জোনাথন। কোন ম্যাথিউস চিনেছেন তো? ২০২০ সালে যে মিডফিল্ডার যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। সে বছরই ব্রাজিলিয়ান ক্লাবের মায়া ত্যাগ করে বাংলাদেশে আসেন জোনাথন—প্রথমবার তাঁর ব্রাজিলের বাইরে খেলতে যাওয়া।
একেবারে ব্রাজিলিয়ান ধাঁচের ফুটবল খেলেছেন, সেটা বলা যাবে না। তবে যা খেলেছেন, তাতেই প্রায় দেড় বছর এ দেশের ফুটবল মাতিয়ে রেখেছিলেন জোনাথন। বলের ওপর দুর্দান্ত নিয়ন্ত্রণ, ছোট জায়গার মধ্যে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে চোখধাঁধানো পাস। এর সঙ্গে বুলেট গতির শটে দৃষ্টিনন্দন গোল তো ছিলই।
গত পরশু রাতে বিদায়ের আগে কিংসের জার্সিতে ৩৫ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন জোনাথন। কিংসের হয়ে জিতেছেন একটি করে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা। তবে পরিসংখ্যানের মানদণ্ডে পরিমাপ করা যাবে না জোনাথনকে।
খেলায় আহামরি চাকচিক্য নেই বলে জোনাথনের জন্য সেভাবে প্রশংসার বান কখনোই ছোটেনি। তবে কার্যকারিতার প্রশ্ন যদি ওঠে, সেটি বরাবর নীরবে দেখিয়ে গেছেন মাঠে। শিল্পী হয়তো বলা যাবে না তাঁকে—যে উপাধি তাঁরই স্বদেশি ও বসুন্ধরা-সতীর্থ রবসনের সঙ্গে বেশি যায়, জোনাথন সে তুলনায় ‘শ্রমিক’। চোট নিয়ে মাঠের বাইরে চলে না গেলে কিংসে জোনাথনের গুরুত্ব হয়তো বোঝাই যেত না। কিন্তু অনুপস্থিতিতেই হয়ে উঠলেন পরম প্রার্থিত।
এখানে ও খেললে ছবির মতো ফুটবল খেলত। ওর মতো খেলোয়াড় বাংলাদেশে হঠাৎ হঠাৎ আসে
বসুন্ধরার হয়ে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেবেন কে? জোনাথন তো নেই! ফুলব্যাকরা ওভারল্যাপ করে ওপরে উঠলে সে ক্ষেত্রে প্রতিপক্ষের পাল্টা আক্রমণের বেলায় ফুলব্যাকদের ফাঁকা রেখে যাওয়া জায়গা পূরণ করবেন কে? জোনাথন নেই! রবসন কার সঙ্গে ‘ওয়ান-টু’ করে বক্সে ঢুকবেন? সেখানেও জোনাথনের অনুপস্থিতিটা টের পাওয়া যায়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ন্যাড়া মাঠে ফুটবল পায়ে ফুল ফুটিয়েছেন জোনাথন। এখন তো বসুন্ধরার নিজের মাঠ হয়েছে! কিংস অ্যারেনা স্টেডিয়ামের কার্পেটের মতো বিছানো সবুজ ঘাসের মাঠ পেলে যে চোখ ধাঁধিয়ে দিতেন, এ নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। এই মাঠটিতে বছরব্যাপী অনুশীলন করা হলেও চোটের কারণে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচও খেলা হলো না তাঁর।
দুর্ভাগ্য দেশের ফুটবল সমর্থকদেরও। এই তো, গত ২৮ ফেব্রুয়ারি তাঁর বিদায়ের দিন কিংস অ্যারেনায় জোনাথনকে ‘গার্ড অব অনার’ দেওয়া শেষে মাঠে দাঁড়িয়ে দলটির অভিজ্ঞ খেলোয়াড় তৌহিদুল আলম বলছিলেন, ‘আমাদের কপাল খারাপ জোনাথন এই মাঠে খেলতে পারল না। এখানে ও খেললে ছবির মতো ফুটবল খেলত। ওর মতো খেলোয়াড় বাংলাদেশে হঠাৎ হঠাৎ আসে।’
কয়েক বছর আগ পর্যন্ত এ দেশে বিদেশি ফুটবলারের আমদানি বলতে ছিল আফ্রিকার এ দেশ-ও দেশ থেকে কাউকে ধরে আনা, যাঁদের মূল শক্তি তাঁদের গায়ের জোর। নব্বই দশকের মাঝামাঝি থেকে চিত্রটা এমনই ছিল।
মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে সনি নর্দে, লি টাকরা এসে আনন্দ দিয়ে গিয়েছেন। পুনরায় আনন্দ দেওয়ার জন্য জার্সি বদলে ফিরে এসেছেন দানিয়েল কলিনদ্রেস। তবে দলীয় রসায়নে আনন্দময় ফুটবল বলতে যা বোঝায়, রবসনের সঙ্গে জুটি বেঁধে সেটা দেখিয়েছেন জোনাথন।
তাঁর বাংলাদেশে আসায় ফুটবল মানচিত্রে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। তবে ঘরোয়া ফুটবলে অনেক দিন পর যে ভালো ফুটবলের প্রশংসা উঠেছে, এই আনন্দ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিতেই হবে বোতাফোগোর এই গ্র্যাজুয়েটকে।কিন্তু যখনই সুন্দর ফুটবলে লোভ দেখালেন, তখনই চোটে পড়ে চলে গেলেন মাঠের বাইরে।
চলতি মৌসুমের শুরুতেই গত ডিসেম্বরে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের ম্যাচে ডান পায়ের হাঁটুর লিগামেন্টের চোট মাঠের বাইরে পাঠিয়ে দেয় তাঁকে। কমলাপুরে বাজে টার্ফে পা আটকে যায় তাঁর।
প্রথম আলো অনলাইনে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত সাক্ষাৎকারেই জোনাথন বলেছেন, ‘ফুটবল ক্যারিয়ারে এবারই সবচেয়ে বড় চোট পেয়েছি। প্রথমবারের মতো অস্ত্রোপচারও করাতে হচ্ছে। আমার এই চোটের জন্য ঢাকার কমলাপুর স্টেডিয়ামের বাজে মাঠই শতভাগ দায়ী। শুধু আমি নই, প্রত্যেক খেলোয়াড়ই বলবেন মাঠটি খুব খারাপ।’
খেলোয়াড়দের চোটে পড়া খেলারই অংশ। কিন্তু সেটা যদি হয় বাজে মাঠের জন্য, তা-ও এমন মানের একজনের, এ দেশের ফুটবলপ্রেমীদের শুধুই ‘স্যরি’ বলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কীই–বা করার আছে!
যাঁদের করার আছে, তাঁদের কানে এই দীর্ঘশ্বাসের শব্দ গেলেও কোনো লাভ হবে?