বাংলাদেশে যদি এমন একটা একাডেমি থাকত...

>বেলজিয়ামের সোনালি প্রজন্মের আঁতুড়ঘর গার্ডিয়ান ডেক লুকাকু-মের্তেন্সরা ফুটবল শিক্ষা পেয়েছেন আন্ডারলেখট একাডেমি থেকে। বেলজিয়ামের বিশ্বকাপ দলের আট ফুটবলারের বেড়ে ওঠা সেখানেই। আফসোস, আমাদেরও যদি এ রকম একটা ফুটবল একাডেমি থাকত। একাডেমি গড়ার বিষয়ে না ইচ্ছে আছে বাংলাদেশের ক্লাবগুলোর, না বাফুফের
বেলজিয়ামের সোনালি প্রজন্মের আঁতুড়ঘর গার্ডিয়ান ডেক লুকাকু-মের্তেন্সরা ফুটবল শিক্ষা পেয়েছেন আন্ডারলেখট একাডেমি থেকে। বেলজিয়ামের বিশ্বকাপ দলের আট ফুটবলারের বেড়ে ওঠা সেখানেই। দলটা কাগজে-কলমে দুর্দান্ত। কি আক্রমণভাগ, কি রক্ষণ! আর বেলজিয়ামের মাঝমাঠ তো বিশ্বের যেকোনো দলের জন্য ঈর্ষণীয়। বেশ কয়েক বছর ধরেই বড় কিছু করার আশা নিয়ে বড় টুর্নামেন্টে যায় রেড ডেভিলরা। প্রত্যাশার চাপে নুয়ে পড়েই কিনা প্রত্যাশা ও প্রাপ্তির অঙ্কের হিসাবে গরমিল রেখে বাড়ি ফেরাই যেন নিয়ম বানিয়ে ফেলেছিল দলটি। চার বছর আগের ব্রাজিল বিশ্বকাপ ও দুই বছর আগের ইউরো সেটিরই সাক্ষ্য দেয়। দুবারই কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে বেলজিয়ান অভিযান।
এবার রাশিয়া বিশ্বকাপের বেলজিয়াম দলটা যেন আগের থেকে একটু বেশি প্রত্যয়ী, একটু বেশি দৃঢ়সংকল্প। দ্বিতীয় পর্বে জাপানের বিপক্ষে ম্যাচে স্নায়ুর পরীক্ষা দেওয়া ছাড়া এখন পর্যন্ত গোছানো ফুটবলের পসরাই মেলে ধরেছে দলটি। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলে শিরোপা থেকে এখন মাত্র দুই পা দূরে বেলজিয়ামের সোনালি প্রজন্ম। তো এই সাফল্যের পুরো কৃতিত্ব কোচ রবার্তো মার্তিনেজ বা হ্যাজার্ড-ব্রুইনা-লুকাকুদের দেওয়ার আগে একবার রোমেলু লুকাকুর বাবার কথাও মাথায় রাখবেন!
চার ম্যাচে ৪ গোল, সঙ্গে একটি অ্যাসিস্ট। এখন পর্যন্ত বিশ্বকাপে রোমেলু লুকাকুর পারফরম্যান্স দুর্দান্তই। এ জন্য বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ দিতে পারেন লুকাকু সিনিয়রকে। তবে বেলজিয়ামের এই দলে কঙ্গোলিজ বংশোদ্ভূত রজার লুকাকুর অবদান শুধু একজন রোমেলু লুকাকুকে জন্ম দেওয়া নয়। একবিংশ শতাব্দীর শুরুর সময় পর্যন্ত বেলজিয়ামের ফুটবল-সংস্কৃতি এমন ছিল যে ফুটবল ক্লাবগুলোর যুব প্রকল্প শুধু খেলাতেই মনোযোগী ছিল। তাই ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর কিশোরদের ফুটবল প্রশিক্ষণের সঙ্গে পড়ালেখা চালিয়ে যেতে মুশকিলে পড়তে হতো। বাবা-মায়ের আগ্রহও কম থাকত ছেলেকে ফুটবলে দিতে।
লুকাকুর বাবা বদলটা এনেছিলেন এই জায়গাতেই। আন্ডারলেখট একাডেমির পরিচালক জ্যা কিন্ডারম্যানস জানালেন গল্পটা, ‘রোমের বাবা আমাদের স্কুলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে তাগাদা দিয়েছিলেন। ১৫ বছর বয়সে রোমেলু বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল। তো ওর বাবা বলল, “লিল, লেঁস, অজের ও সেঁত এতিয়েন আমার ছেলেকে নিতে চায়। সব কটি ক্লাবের স্কুল, আবাসন ও ফুটবল প্রশিক্ষণ ব্যবস্থা আছে।” তার কয়েক মাস পরই আমরা “পারপল ট্যালেন্ট প্রজেক্ট” হাতে নিই। এখন ১০ বছর পর সেটা আর প্রজেক্ট বা প্রকল্প আকারে নিই। ওটা একটা চলমান প্রক্রিয়ায় পরিণত হয়ে গেছে।’
ব্রাসেলসের অদূরে নয়নাভিরাম পাহাড়ি পরিবেশ, ছবির মতো কিছু পার্ক ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে আন্ডারলেখট একাডেমির অবস্থান। বেলজিয়াম ফুটবলের সেরা কিছু নাম উঠে এসেছে ওই অনুশীলনকেন্দ্রের ঘাসের ছোঁয়া পেয়ে। রাশিয়া বিশ্বকাপেই বেলজিয়ামের সদস্যের দলের আটজনের আঁতুড়ঘর ওই আন্ডারলেখট একাডেমি—লুকাকু, ভিনসেন্ট কম্পানি, লিয়ান্ডার ডেনডঙ্কার, ইউরি তিলেমান্স, দ্রিস মের্তেন্স, আদনান ইয়ানুজাই, মিচি বাতশুয়াই ও মারুয়ানে ফেলাইনি।
একাডেমিতে প্রশিক্ষণ শুরু হয় অনূর্ধ্ব-৬ বছর থেকে। এরপর ধাপে ধাপে ১১, ১৩, ১৫ করে অনূর্ধ্ব-২১ বছর পর্যন্ত বয়সভিত্তিক দল আছে একাডেমির। বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলের বীজ বুনে দিতে শুরু থেকেই ৩-৪-৩ ছকে গড়ে তোলা হয় খেলোয়াড়দের। তা গোল খুঁজে নেওয়ার শিক্ষাটা একাডেমির খেলোয়াড়েরা যে ভালোই পান, সেটার প্রমাণ রাশিয়া বিশ্বকাপ। বেলজিয়াম দলে থাকা আন্ডারলেখট একাডেমির খেলোয়াড়েরা রাশিয়ায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৯টি গোল করেছেন। এই বিশ্বকাপে পুরো ব্রাজিল দলের গোলের চেয়েও যা দুটি বেশি!
জ্যা কিন্ডারম্যানস একাডেমিটা শুরু করে যে স্বপ্নটা বুনে দিয়েছিলেন, সেই স্বপ্ন ছড়িয়ে গিয়ে সেটি হয়ে গেছে পুরো বেলজিয়ামের। বেলজিয়ামের সোনালি প্রজন্মের আঁতুড়ঘর থেকে বেরোনো লুকাকু-মের্তেন্স-ফেলাইনিদের কাঁধে ভর করে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপাটা কি তবে এবার আসবে বেলজিয়ামে? তাহলে পুরো দেড় কোটি বেলজিয়ানের স্বপ্নপূরণ তো হবেই। তাদের মধ্যেও আলাদা হয়ে থাকবেন তাঁরা দুজন—রজার লুকাকু ও জ্যা কিন্ডারম্যানস।