বাংলাদেশে 'আচরণ' নিয়ে ইস্টবেঙ্গলের ক্লাস!

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশে আসছে ভারতের বিখ্যাত ইস্টবেঙ্গল ক্লাব। আসছে মৌসুমের প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলা হলেও চট্টগ্রামে অনুষ্ঠেয় এই আসরকে যথেষ্ট গুরুত্বই দিচ্ছে ভারতের ঘরোয়া পেশাদার লিগের (আইলিগ) অন্যতম সেরা দলটি। বাংলাদেশে আসার প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের ‘বিশেষ ক্লাস’ও নিয়েছে ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্তাব্যক্তিরা।
খেলোয়াড়দের কী শেখানো হয়েছে ওই বিশেষ ক্লাসে? কলকাতার দৈনিক এই সময় জানিয়েছে, চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের বিশেষ আচরণবিধি নিয়ে এই ক্লাসে আলোচনা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এই ক্লাসে খেলোয়াড়দের ‘ব্রিফ’ করেছেন কর্মকর্তারা। ভারতের প্রতিনিধি হিসেবে ইস্টবেঙ্গল যেহেতু বাংলাদেশে আসছে, তাই বাংলাদেশে ভারতের ‘সম্মানের’ বিষয়টিও খেলোয়াড়দের মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের সংযত আচরণ নিয়েও এই ক্লাসে আলোচনা করা হয়েছে। খেলোয়াড়দের বলা হয়েছে আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় মাঠে অহেতুক মাথা গরম করা, গালিগালাজ ইত্যাদিকে গর্হিত অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে।
এ ব্যাপারে ক্লাবের সচিব কল্যাণ মজুমদার বলেন, ‘বাংলাদেশের এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ভারতের প্রতিনিধি। দেশের প্রতিনিধি হিসেবে একটা নৈতিক দায়িত্ব তো আছেই। এসব মাথায় রেখেই খেলোয়াড়দের এমন ব্রিফিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’
আগামী ২০ অক্টোবর থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চট্টগ্রাম আবাহনী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটিসহ মোট আটটি ক্লাব। বাংলাদেশের ঢাকা আবাহনী, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আছে ভারতের ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান। বাকি ক্লাবগুলো হচ্ছে শ্রীলঙ্কার সলিড এফসি, আফগানিস্তানের ডি স্পিনগার বাজান ও পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাব।