বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের চেয়ারম্যান হতে নাকি রাজি ডিয়েগো ম্যারাডোনা!
বাংলাদেশেও ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ!
গতকাল বেলা একটা। বাংলাদেশের এক তরুণকে নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কক্ষে কলকাতার এক ভদ্রলোক। সালাউদ্দিনকে অনুরোধ করছেন তিনি, ‘আপনি আমাদের আটটি ভেন্যু দেবেন। বাকিটা আমরা করব। শুধু অনুমতিটা দরকার আপনার।’
সালাউদ্দিন নানা প্রশ্ন করছেন ভদ্রলোককে। একটা প্রশ্ন ছিল এমন, ‘আপনারা যে এটা করতে চান বাংলাদেশে, আমাদের মার্কেট বড় নয়। অনুমতি দিলেই তো হলো না। অনেক কিছুই ভেবে দেখা জরুরি। আচ্ছা, আপনারা কি লাভ করতে পারবেন?’
ভদ্রলোকের উত্তর, ‘লাভ-লোকসান আমাদের ওপর ছেড়ে দিন। প্রথম দিকে লোকসান হতে পারে। আস্তে আস্তে টাকা উঠে আসবে। তা ছাড়া আমরা তো ১০-১৫ বছরের জন্য দীর্ঘ মেয়াদে চুক্তিতে যাব আপনাদের সঙ্গে।’ যোগ করলেন আরও, ‘আটটি ফ্র্যাঞ্চাইজি ও আটটি ভেন্যুও ভেবে রেখেছি। বাংলাদেশের সাতটি বিভাগ এবং ময়মনসিংহ। সব বিভাগই হবে একেকটি ফ্র্যাঞ্চাইজি।’
ভদ্রলোকের নাম ভাস্বর গোস্বামী। কলকাতাভিত্তিক ভারতের ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক। তাঁর কথা শুনে আস্তে আস্তে বিষয়টা খোলাসা হতে থাকল। এই প্রতিবেদককে নিজেই জানালেন, ‘সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগটা আমরাই করেছি। ব্যাপক সাড়া জাগিয়েছে এটা। এখন আমাদের ইচ্ছা, এমন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশে করার।’
ভিরমি খাওয়ার মতোই খবর। ভারত অনেক বড় দেশ। অনেক ফুটবলার সেখানে। বড় বড় স্পনসর প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ সে তুলনায় অনেক পিছিয়ে। কথাটা মনে করিয়ে দিয়ে ভাস্বরকে সালাউদ্দিনের বলা কথাটা লিখতেই হচ্ছে, ‘আমরা তো আমাদের লিগের স্পনসরই পাই না, আর আপনি বলছেন এখানে ফ্র্যাঞ্চাইজি লিগ করবেন! কীভাবে সম্ভব!’
বলতে বলতে সালাউদ্দিন জরুরি একটা সভায় যোগ দিতে বাফুফে ভবন ছাড়লেন। যাওয়ার আগে ভাস্বরকে বললেন, ‘ঠিক আছে, আপনি লিখিত চিঠি দিন। আমরা ফেডারেশনের সভায় এটা পাস করব।’ ভাস্বর খুবই খুশি। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করার স্বত্ব পেতে বাফুফের কাছে দু-চার দিনের মধ্যে আবেদন করবেন বলে জানালেন।
সালাউদ্দিন এই ফাঁকে এই প্রতিবেদককে বলছিলেন, ‘অনেক দিন ধরে ভাস্বর গোস্বামী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ঢাকায় আর্জেন্টিনাকে তিনিই এনে দিয়েছেন। এখন ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমতি নিয়েই ছাড়বেন মনে হয়। পারলে ভালোই তো, করুক।’
বাংলাদেশের ফুটবলে সেটি হবে যুগান্তকারী এক ঘটনাই। ভাস্বর গোস্বামী পরে এই প্রতিবেদককে জানালেন তাঁদের কিছু পরিকল্পনাও, ‘ম্যারাডোনার সঙ্গেও আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ইন্ডিয়াতে তো আমরাই তাঁকে এনেছিলাম। এমনও ভেবে রেখেছি, বাংলাদেশে এই ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ারম্যান করে দেব ম্যারাডোনাকে! অলরেডি কথাও হয়ে গেছে তাঁর সঙ্গে। পেলেকে এমন প্রস্তাব দিলে হয়তো রাজি হতেন না। নানা প্রশ্ন করে বলতেন, বাংলাদেশটা কোথায়। কিন্তু ম্যারাডোনা অন্য মানুষ। খ্যাপা তো, ওকে রাজি করিয়ে ফেলেছি।’
অবিশ্বাস্য সব কথাবার্তা! ভাস্বর গোস্বামীর কাছে অবশ্য অবিশ্বাস্য নয়। বরং খুব সাবলীলভাবে বলে যাচ্ছিলেন, টাকা হলে সবই সম্ভব। ভারতে ফ্র্যাঞ্জাইজি ফি ছিল ১৫ কোটি টাকা। বাংলাদেশে অঙ্কটা আরও অনেক কম রাখতে হবে। এ-ও বলে রাখলেন, বড় বড় বিশ্ব তারকাদের একেকটি দলের সঙ্গে জুড়ে দেওয়ার কথা।
এই বিপণন প্রতিষ্ঠানের মাথায় ঘুরছে আরও একটি পরিকল্পনা। ফিফার প্রীতি ম্যাচের দিনগুলোতে বাংলাদেশের জন্যও প্রীতি ম্যাচ আয়োজন করতে চান ভাস্বর। সেই স্বত্ব কেনার প্রস্তাবও দিয়েছেন বাফুফেকে। বাফুফে চাইলে আইভরিকোস্টকে ঢাকায় আনার ইচ্ছা তাঁর। টাকার কথা চিন্তা করে সাড়া দিচ্ছে না বাফুফে। ভাস্বর গোস্বামীর কথা শুনে মনে হলো, আইভরিকোস্ট না হলেও ফ্র্যাঞ্চাইজি লিগটা নিয়ে কোমর বেধেঁই নেমেছেন!