বাংলাদেশের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নায়ুক্ষয়ী উত্তেজনার অসাধারণ ফুটবল। পুরো একটি মাস বিশ্বকাপেই বুঁদ হয়েছিল বিশ্ববাসী। জার্মানির বিশ্বজয়ের পরের একটা মাসে অবশ্য আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম ছিল না বললেই চলে। গত এক মাসে হওয়া ২৩টি ‘এ’ ম্যাচের ১৩টিই ছিল আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের। বাকিগুলো অখ্যাত কিছু দলের প্রীতি ম্যাচ। তাই কাল প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে তেমন বড় কোনো পরিবর্তন নেই। জার্মানি, আর্জেন্টিনা ও হল্যান্ডই ধরে রেখেছে প্রথম তিনটি স্থান। বলার মতো ঘটনা এক ধাপ এগিয়ে স্পেনের সাতে উঠে আসা। সাত নম্বর স্থানটা এখন ভাগাভাগি করছে ব্রাজিল ও স্পেন। বিশ্বকাপের বিস্ময় কোস্টারিকার এক ধাপ এগিয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান ১৫ নম্বরে উঠে আসাটাও একটা খবর।
এদিকে গত মার্চের পর কোনো ম্যাচ না-খেলা বাংলাদেশ পিছিয়েছে সাত ধাপ। ২০১৩ সালের সেপ্টেম্বরের পর মাত্র একটি ম্যাচ খেলা বাংলাদেশ এখন বিশ্বের ১৭০তম দল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা (১৭৮) ও ভুটানই (২০৮, সর্বশেষ) শুধু বাংলাদেশের নিচে। তথ্যসূত্র: ফিফা।