বাংলাদেশের আরেক 'প্রতিপক্ষ' গরম ও কৃত্রিম ঘাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে
কাল অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে
>স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। রাজধানীর নমপেন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

বাংলাদেশ ১৯২, কম্বোডিয়া ১৭২। র‍্যাঙ্কিংয়ে পরিষ্কারভাবে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। একে তো শক্ত প্রতিপক্ষ, সঙ্গে আরেক ‘প্রতিপক্ষ’ হিসেবে যোগ হয়েছে নমপেনের গরম আবহাওয়া ও কৃত্রিম ঘাসের মাঠ। প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশ এই প্রতিকূল পরিবেশেই জিততে চায়। নমপেন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছর ১০ অক্টোবর। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল ফিলিস্তিনের বিপক্ষে। এর পর ঘরোয়া ফুটবল নিয়েই ব্যস্ত ছিলেন ফুটবলাররা। ফলে পর্যাপ্ত ফিটনেস নিয়েই কম্বোডিয়ার বিপক্ষে খেলতে নামছে দল। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমাদের দলের সব ফুটবলার এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। কারণ প্রিমিয়ার লিগ চলছে। লিগের খেলা শেষ করেই আমরা এখানে এসেছি। এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধাই বলা যায়।’ ফলে বাংলাদেশের অধিনায়কের প্রত্যাশা জয়, ‘এই ম্যাচে আমাদের প্রত্যাশাটা একটু বেশিই। কারণ একটা লম্বা সময় ধরে এই দলের অনেকে একসঙ্গে খেলছি।’

নমপেনে বেশ গরম, তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠা নামা করে। ঢাকার শীতের আমেজ ছেড়ে হুট করেই খেলতে হবে প্রচণ্ড গরমে। ম্যাচটি আবার হবে কৃত্রিম ঘাসের মাঠ টার্ফে। পরিবেশ বিপক্ষে থাকলেও সমস্যা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না জামাল, ‘গরম নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। কারণ এখানকার আবহাওয়া ঢাকার গ্রীষ্মকালের মতোই। শুধু টার্ফে খেলা হবে, এটাই যা পার্থক্য। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। জয়ের জন্যই মাঠে নামব সবাই।’

কম্বোডিয়ার সঙ্গে আগের তিন সাক্ষাতে দুবারই জিতেছে বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ বাংলাদেশ জেতে ২-১ গোলে। পরের বছর দিল্লিতে নেহরু কাপে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। আর ২০০৯ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। তবে পেছনের পরিসংখ্যান নিয়ে পড়ে নেই কোচ, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এখন সময় বদলেছে। কম্বোডিয়া আগের চেয়ে উন্নতি করছে। তবে আমরাও জেতার জন্যই মাঠে নামব।’