'আগে জীবন, পরে খেলা'

>বাংলাদেশের করোনাভাইরাসের খবরটি শুনে আতঙ্কিত জাতীয় দলের ইংলিশ কোচ।
স্বদেশি সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকেসিকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ ও উত্তর বারিধারার ম্যাচ দেখতে এসেছিলেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ম্যাচ শুরুর আগে প্রেস বক্সে প্রবেশ করেই চোখে মুখে কিছুটা আতঙ্ক নিয়ে জেমির প্রশ্ন, ‘শুনলাম বাংলাদেশের করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে!’
আজ বিকেলেই খবরটি প্রকাশিত, দেশে করোনা-আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। সে খবর পৌঁছেছে জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচের কাছেও। তিনি বললেন, ‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখা উচিত। আগে জীবন, পরে খেলা।’
সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াককেসির ভয় বাংলাদেশের ঘনবসতি নিয়েই,‘ইংল্যান্ডেও করোনা ধরা পড়েছে। কিন্তু সেখানে প্রতিরোধ ব্যবস্থা খুব ভালো। চিকিৎসা ব্যবস্থাও উন্নত। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। এখানে একবার করোনার মতো ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে খুব সমস্যা।’
এদিকে আগামী ২৬ মার্চ ও ৩১ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুটি ম্যাচ। ২৬ তারিখ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে আর ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ। গ্রুপে থাকা ভারত ইতিমধ্যেই ২৬ মার্চ ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠেয় কাতারের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে। বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর ২৬ মার্চের ম্যাচটি অনিশ্চয়তার মধ্যেই পড়ে যাচ্ছে।