বাংলাদেশের গ্রুপসঙ্গী মালয়েশিয়া, শ্রীলঙ্কাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফে
বাফুফে

ব্যাপারটা এতদিন বাফুফে কর্তাদের মুখে মুখেই ছিল। মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী করার কথাটা উচ্চারণ করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু তিনি এটা বলেননি যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি কংগ্রেসে সবকিছু চূড়ান্ত করেই তিনি কথাটা বলেছিলেন। আজ বঙ্গবন্ধু কাপের লোগো উন্মোচনের আনুষ্ঠানিকতার মধ্যে সালাউদ্দিন জানিয়ে দিলেন প্রতিযোগিতার গ্রুপিংটা তিনি অস্ট্রেলিয়ায় অংশগ্রহণকারী সব দলের সঙ্গে বসেই চূড়ান্ত করে এসেছেন। আর ১৬ বছর পর দেশের মাটিতে আয়োজিত আন্তর্জাতিক এই ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের লড়াইটা হবে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সঙ্গেই।
ঢাকার একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু কাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাফুফে সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বাফুফে সভাপতি একটা দারুণ সুসংবাদও দিলেন। তিনি জানিয়েছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা—এই পাঁচ দলকে নিয়ে আগামী পাঁচ বছরই আয়োজিত হবে বঙ্গবন্ধু কাপের আসর। এ ব্যাপারে দেশগুলোর সঙ্গে লিখিত চুক্তির কথাও জানিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু কাপের মতো একটি মর্যাদাকর আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য বাফুফেকে সাধুবাদ জানান। তিনি বলেন, ফুটবলকে জনপ্রিয় করে তুলতে জেলা পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দিতে হবে।
বাফুফে সভাপতি বলেন, বর্তমান পৃথিবীতে বঙ্গবন্ধু কাপের মতো প্রতিযোগিতা আয়োজন করা খুবই কষ্টসাধ্য। কারণ ফুটবল খেলুড়ে সব দেশই নিজেদের পেশাদার লিগ ও ফিফা-এএফসির সূচি নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে। তার পরও দেশের ফুটবলের স্বার্থে আমরা এটি আয়োজন করেছি।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের কাছ থেকে ভালো ফলই প্রত্যাশা বাফুফে সভাপতির। তিনি বলেন, ‘আমার চাওয়াটা আকাশছোঁয়াই। আমি চাই বাংলাদেশ শিরোপা জিতুক। তবে প্রতিযোগিতাতে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এমন প্রত্যাশা আমি করতেই পারি।’
২৯ জানুয়ারিতে মাঠে গড়াবে বঙ্গবন্ধু কাপের আসর। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলছে, থাইল্যান্ড, বাহরাইন ও সিঙ্গাপুর। অংশগ্রহণকারী পাঁচ বিদেশি দলের মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা পাঠাচ্ছে তাদের জাতীয় দল। বাহরাইন ও সিঙ্গাপুর থেকে আসছে অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল।