প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আগেভাগেই অনুশীলন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার ঠিক হলো গ্রুপ পর্বে খেলতে হবে কোন কোন দলের বিপক্ষে। বাফুফে ভবনে কাল হয়ে গেল টুর্নামেন্টের ড্র। যুবাদের দক্ষিণ এশীয় ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গত আসরেও গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে ছিল ভারত। ‘এ’ গ্রুপে বাংলাদেশ-ভারতের সঙ্গে আছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে মালদ্বীপ, আফগানিস্তান ও নেপাল। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান ও ভুটান।
৯-১৮ আগস্ট সিলেট স্টেডিয়ামে হবে খেলা। ভারী বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে সেই ম্যাচ পরদিন সকালে হবে বলে জানিয়েছে আয়োজক বাফুফে। কাল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ অন্যরা।