বাংলাদেশের প্রতিপক্ষ আজ রোনালদোর সতীর্থ

আজ আবার মাঠে নামবে বাংলাদেশ দলছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৮ দিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি হতে যাচ্ছে দুটি দল। কলম্বোয় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পক্ষে টুর্নামেন্টে উভয় দলের জন্যই দ্বিতীয় ম্যাচ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

বুধবার প্রথম ম্যাচে সেশেলসের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। এগিয়ে গিয়েও ৮৮ মিনিটে গোল খেয়ে হারের সমান ১-১ গোলের এক ড্র নিয়ে মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা। আজ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জামাল ভূঁইয়ারা। যারা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-৪ গোলের ড্রয়ের হতাশায় পুড়েছে।

ফ্রান্সেসকো মোরেইরো
ছবি: মালদ্বীপ ফুটবল ফেডারেশন

বাংলাদেশের প্রথম ম্যাচ থেকে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন থাকতে পারে দুটি। চোট থাকায় সাদ উদ্দিনের খেলাটা অনিশ্চিত। ডান প্রান্তে তাঁর জায়গায় খেলানো হতে পারে ফয়সাল আহমেদ অথবা জুয়েল রানাকে। এ ছাড়া আগের ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে লেফটব্যাক ইয়াসিন আরাফাতের বিকল্পও খোঁজা হচ্ছে। সে ক্ষেত্রে তাঁর জায়গায় রহমত মিয়া।

চার জাতি টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ অন্তত পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে। জয় সম্ভব না হলেও ন্যূনতম ড্র। টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে মালদ্বীপের বিপক্ষে ড্র করে শ্রীলঙ্কাকে হারাতে পারলেও হয়তো চলবে।

তবে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারানো যাবে, সে নিশ্চয়তা নেই। তাই কোচ মারিও লেমোস মালদ্বীপের বিপক্ষেই জয় চান। কাল সংবাদ সম্মেলনে সেটাই বলেছেন, ‘মালদ্বীপ আমাদের চেনা প্রতিপক্ষ। সাফে ওদের সঙ্গে আমরা হেরেছি, তবে এবার জিততে চাই।’
সব কোচ-ই জিততে চান। কিন্তু মাঠে সেটি করে দেখানো সম্ভব হয় না বলেই ১৮ বছর ধরে দ্বীপ রাষ্ট্রটিকে হারাতে পারেনি বাংলাদেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের সবশেষ জয় ২০০৩ সাফ ফুটবলের ফাইনালে, টাইব্রেকারে। এরপর গত ১৮ বছরে দুই দলের ৪ লড়াইয়ে সব কটিতেই হার।

আজও মালদ্বীপই পরিষ্কার ফেবারিট। সাফের স্থানীয় কোচ বদলে ইতালির ফ্রান্সেসকো মোরেইরোকে নিয়ে শ্রীলঙ্কায় এসেছে তারা। ইতালিয়ান ফুটবলে বড় নাম মোরেইরো। ইতালির জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় খেলেছেন ইতালির বিখ্যাত ক্লাব রোমা, ইন্টার মিলান ও নাপোলিতে। ইন্টারে তো ব্রাজিলের স্ট্রাইকার রোনালদো নাজারিওর সতীর্থ ছিলেন।

সাবেক এই ইতালিয়ান উইঙ্গারের হাতে পড়ে আলী আশফাকরা আরও ক্ষুরধার হয়ে উঠেছেন। আগের ম্যাচে প্রথমার্ধেই স্বাগতিক শ্রীলঙ্কার জালে ৩ গোল দেওয়াটা তারই জ্বলন্ত উদাহরণ। স্ট্রাইকার আশফাকের নেতৃত্বাধীন মালদ্বীপের সেরা আক্রমণভাগকে আটকানো আজ বড় চ্যালেঞ্জই বাংলাদেশের জন্য। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও কাল সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছেন, ‘ওদের আক্রমণভাগে তিন-চারজন খেলোয়াড় ভয়ংকর, যাঁরা ম্যাচ ছিনিয়ে নিতে পারেন। সুতরাং আমাদের অবশ্যই সতর্ক হয়ে খেলতে হবে।’

স্বাগতিক শ্রীলঙ্কার জালে ৪-০ গোল দিয়ে শেষ পর্যন্ত ৪-৪ ড্র নিয়ে ফেরা মালদ্বীপও আজ সতর্ক হয়েই নামবে। হাতের মুঠো থেকে জয় ফসকে যাওয়ার কষ্টটা আজ তারা ভুলতে চাইবে পুরো পয়েন্ট ঘরে তুলে।