বাংলাদেশের ফুটবল যেন 'থোড় বড়ি খাড়া...'

এ দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রক্ষণ-সেনানী তিনি। দেশের ফুটবলের স্বর্ণ সময়ের প্রতিনিধিও। আবাহনী-মোহামেডান কিংবা জাতীয় দলের রক্ষণব্যূহ প্রহরার অন্যতম সেরা ভরসাস্থল আবু ইউসুফ একেবারেই অতীত চারি নন। আজ থেকে ৩০ বছর আগে বাংলাদেশ মালদ্বীপকে কয় গোলে হারিয়েছিল, সেই স্মৃতি নিয়ে জাবর কাটার মানুষ তিনি নন। নিজের সব ফুটবলীয় অভিজ্ঞতাকে এক করেই তাঁর উপলব্ধি এ দেশের ফুটবলটাকে কখনোই সঠিক পথে পরিচালনা করা হয়নি। গত ৪২ বছর ধরেই অপ-পরিকল্পনা কিংবা পরিকল্পনাহীনতার স্বীকার বাংলাদেশের ফুটবল।
২০০৮ সালে শ্রীলঙ্কা-মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। সে বার গ্রুপ পর্বের গণ্ডি পেরোনো হয়নি বাংলাদেশের। পেরোনো হয়নি এর পর আরও তিনবার। জাতীয় দলের সাবেক কোচ হিসেবে তাঁর মূল্যায়ন, দেশের ফুটবলের অধঃপতন এতটাই যে দিনে দিনে সাফের মতো পেছনের সারির একটি প্রতিযোগিতায় সাফল্যের দরজাও আমাদের জন্য বন্ধ হয়ে গেছে।
দেশের ফুটবলের এই পতনে গোড়াতেই গলদ দেখেন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার, ‘এ দেশের ফুটবল কখনোই কোনো পদ্ধতির মধ্য দিয়ে চলেনি। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়—এই কথাটার সার্থক রূপ হচ্ছে বাংলাদেশের ফুটবল। আমাদের সময় প্রচুর ভালো খেলোয়াড় ছিল বলা হয়, কিন্তু তারা কেউই কোনো নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে আসেনি। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে নিয়ে আসার কোনো পরিকল্পনা না থাকলে ফুটবল কেন, কোনো খেলাই সাফল্যের মুখ দেখতে পারে না।’
যে মালদ্বীপকে বাংলাদেশ এক সময় গুণে গুণে গোল দিত, সেই মালদ্বীপই এখন গুণে-মানে বাংলাদেশকে পেছনে ফেলেছে। মালদ্বীপ প্রসঙ্গে ইউসুফ বললেন, ‘আমাদের একটি জেলা শহরে যত মানুষ বাস করে গোটা মালদ্বীপ দেশটিতে তত লোকের বাস কিনা, সন্দেহ। কিন্তু দেখুন, তারাও কীভাবে ফুটবলে উঠে আসছে। ১৯৯৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের কাছে ১৭ -০ গোলে হেরেছিল এই দ্বীপদেশটি। আমি ২০০৮ সালে সাফ ফুটবলে বাংলাদেশ দলের কোচ হিসেবে গিয়ে জেনেছিলাম, ইরানের বিপক্ষে সেই ম্যাচটির পর মালদ্বীপ ফুটবলে একটি শুদ্ধি অভিযান হয়েছিল। তাদের আত্মপোলব্ধি হয়েছিল। এর পরই তারা দশ বছরের একটি পরিকল্পনা প্রণয়ন করে। সেখানে তারা লক্ষ্য স্থির করেছিল এই সময়ের মধ্যে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার। তারা আট বছরের মাথায় ২০০৮ সালে ঘরের মাঠে সাফ জিতেই নিজেদের এগিয়ে যাওয়ার প্রমাণটা দেয়।’
ইউসুফ আক্ষেপ করে বলেন, ‘বাংলাদেশের ফুটবলে এমন কোনো পরিকল্পনা কখনোই দেখিনি। আমাদের সময় তো কর্মকর্তাদের নাক আরও উঁচু ছিল। যেন তারা পৃথিবীর সেরা ফুটবল-বোদ্ধা। এখন তো অনেক কথা শুনি। কিন্তু আসল বিষয় নিয়ে কাউকে কাজ করতে দেখি না। আমাদের ফুটবলের যে অবস্থা, দীর্ঘ মেয়াদি ও সুষ্ঠু পরিকল্পনা ছাড়া ফুটবল বাঁচানো সম্ভব নয়।’
ইউসুফদের আরজি বাফুফের কানে যাচ্ছে তো!