বাংলাদেশের বিপক্ষে নেই সকারু অধিনায়ক!
এক দিক দিয়ে ভালোই হলো বাংলাদেশের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলার সময় চোট পেয়েছেন অস্ট্রেলিয়া ফুটবল দলের অধিনায়ক মাইল জেডিনাক। গত পরশু লিগ কাপে শ্রুসবুরি টাউনের বিপক্ষে ৪-১ গোলে জয়ী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ৩ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলাটা তাই অনিশ্চিত হয়ে গেছে এই মিডফিল্ডারের। ক্রিস্টাল প্যালেসের কোচ অ্যালান পারডিউ বলেছেন, ‘অধিনায়ককে নিয়ে আমি একটু উদ্বিগ্ন। বোধ হয় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে সে। মনে হচ্ছে চোটটা সারতে কিছু সময় লাগবে।’ বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচ তো বটেই, ৮ সেপ্টেম্বর তাজিকিস্তানের বিপক্ষে তাদের মাঠেও হয়তো খেলা হবে না অস্ট্রেলিয়ার ফুটবল অধিনায়কের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এশিয়ার ‘বি’ গ্রুপে জর্ডান ও কিরগিজস্তানের পরে তৃতীয় অবস্থানে রয়েছে সকারুরা। গত জুনে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া কিরগিজদের হারিয়ে এসেছে তাদের মাঠে গিয়ে। রয়টার্স।