বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে নেপাল ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বলছে কেন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নেপালের কাছে ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ম্যাচছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল বলে কিছু নেই। কিন্তু পাঁচ দল নিয়ে লিগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালের আগের শেষ দুটি ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত সেমিফাইনালে। বাংলাদেশ-নেপাল ম্যাচে বাংলাদেশকে ফাইনালে যেতে জিততেই হবে। একই ব্যাপার মালদ্বীপের বিপক্ষে ভারতের। এ দুটি ম্যাচ ড্র হলে নেপাল ও মালদ্বীপ ফাইনালে যাবে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে নেপালি গণমাধ্যম বলছে তাদের ফুটবল ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ’। নেপালি ভাষার দৈনিক কান্তিপুরের এক বিশ্লেষণে এ ম্যাচকে নেপালের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তার বিশদ ব্যাখ্যাও দেওয়া হয়েছে। পত্রিকাটির মতে, ১৯৯৩ সালে যাত্রা শুরু করার পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে (প্রথম দুটি আসরের নাম অবশ্য ছিল সার্ক গোল্ডকাপ) কখনোই ফাইনালে খেলতে পারেনি নেপাল।

নেপালের বিপক্ষে জিতলেই সাফের ফাইনালে বাংলাদেশ
ছবি: বাফুফে

কাল বাংলাদেশের বিপক্ষে হার এড়াতে পারলেই নতুন এক ইতিহাস রচিত হবে নেপালের ফুটবলে। ফাইনালে গিয়ে শিরোপা জিততে পারলে সেটি অবশ্য আরও বড় ইতিহাস। সে হিসাব পরে। আপাতত ফাইনালে ওঠাটাই তাদের লক্ষ্য। কান্তিপুর পরিসংখ্যান ঘেঁটে বলছে, নেপাল ও বাংলাদেশের মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারী নেপালের দিকেই। ২০০৫ সালে সাফে করাচিতে শেষবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৩ ও ২০১৮ সালে টানা তিনটি সাফে নেপালের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

সাফ গেমসের ফুটবলে একাধিকবার সোনা জিতেছে নেপাল। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে কেন যেন কখনোই শিরোপা জেতা হয়নি তাদের। এবার মালেতে তাদের যাত্রাটা সুন্দর হয়েছে। প্রথম ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে দিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ৬ পয়েন্ট তুলে নেওয়া নেপাল হেরেছে ভারতের কাছে। সব মিলিয়ে এবার সাফ জয়ের একটা বড় সম্ভাবনা দেখতে পাচ্ছে নেপাল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোনোরকম ‘অঘটন’ ঘটলে সেটি নেপালি ফুটবলের জন্য হৃদয়বিদারক ঘটনাই হবে বলে মনে করছে কান্তিপুর।

২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে শহীদুলের হাত ফসকানো গোলেই কপাল পুড়েছিল বাংলাদেশের।
ছবি: প্রথম আলো

ম্যাচটি যদি নেপালের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাংলাদেশের জন্যও তো অনেকটা তেমনই। ২০০৩ সালে একবারই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে খেলেছে বাংলাদেশ ১৯৯৯ ও ২০০৫ সালে। সেমিফাইনালের হতাশায় পুড়তে হয়েছে ১৯৯৫ ও ২০০৯ সালে। ২০১১ সালের পর থেকে সাফে বাংলাদেশের দৃশ্যপটটা গেছে পুরোপুরি পাল্টে।

সবশেষ চারটি সাফে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। সবচেয়ে হতাশার ছিল ২০১৮ সালে। গ্রুপের প্রথম দুই ম্যাচ জেতার পর বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যখন সেমিফাইনালের টিকিট কেনা শুরু করেছেন, তখনই নেপালের বিপক্ষেই হয় স্বপ্নভঙ্গ। গোলকিপার শহিদুল আলম সোহেলের অমার্জনীয় ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

২০০৫ সালের পর নেপালকে সাফে হারাতে পারেনি বাংলাদেশ
ছবি: টুইটার

এমন একটা অতীতকে সঙ্গে নিয়ে মালেতে এসে বাংলাদেশ একেবারে মন্দ করেনি। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারানোর পর ১০ জন নিয়ে খেলেও ভারতকে ১-১ গোলে রুখে দেওয়া গিয়েছিল। কিন্তু সমস্যাটা হয়েছে শেষ ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে। তবে ভারতের কাছে নেপাল হেরে যাওয়ায় সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ফুটবল ইতিহাসে যে কটি দেশের সঙ্গে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড বাংলাদেশের, সেই নেপালের বিপক্ষেই অঘোষিত সেমিফাইনাল। তবে জিততে হবে। জিতলে ২০০৫ সালের পর ফাইনাল। দেশের ফুটবলকে আবারও সাফল্যের রাস্তায় নিয়ে আসতে এ ফাইনালের বিকল্প নেই। ইতিহাসের গুরুত্ব যদি বিচার করা হয়, নেপালের চেয়ে কোনো অংশে তা কম নয় বাংলাদেশের।

বাংলাদেশ কি পারবে নেপালের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে কান্নায় পরিণত করতে?