বাংলাদেশের বিপক্ষে 'আত্মবিশ্বাসহীন' মালয়েশিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে সতর্ক মালয়েশিয়া। ছবি: বাফুফে।
বাংলাদেশের বিপক্ষে সতর্ক মালয়েশিয়া। ছবি: বাফুফে।

বিশ্বকাপ বাছাইপর্বে মালয়েশিয়ার দৌড় এখনো পর্যন্ত খুব একটা সুখকর নয়। গ্রুপ ‘এ’তে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন ও তিমুর লেসেথের সঙ্গে পড়া মালয়েশিয়ার অবস্থান একেবারে তলানিতে। প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচ থেকে তাদের সংগৃহীত পয়েন্ট ১। এর মধ্যে আছে ফিলিস্তিনের সঙ্গে ৬-০ গোলে উড়ে যাওয়া। দুর্বল তিমুরের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রাপ্ত একটি পয়েন্ট মোটেও স্বস্তি দিচ্ছে না মালয়েশিয়ার কোচ দোলাহ সালেহকে। দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে আজকের প্রীতি ম্যাচটা কোচের জন্য এক ধরনের পরীক্ষাগারই। ম্যাচটিকে নিজেদের হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধারের লড়াই হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
সালেহ বাংলাদেশের বিপক্ষে সতর্কও। তিমুর ও যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনকে হালকাভাবে নিয়ে যে শিক্ষা তাঁর হয়েছে তাঁর পুনরাবৃত্তি তিনি চান না কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে অনুষ্ঠেয় আজকের এই ম্যাচটিতে।
মালয়েশিয়ার একটি শীর্ষ ইংরেজি দৈনিকের অনলাইন সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে নতুন চেহারার মালয়েশীয় দলের। তিমুর ও ফিলিস্তিনের বিপক্ষে যে ১১ জন খেলোয়াড় খেলেছিলেন, আজ বাংলাদেশের বিপক্ষে তার অর্ধেক খেলোয়াড়ই নাকি আজ বাদ পড়তে পারেন।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপের শিরোপাজয়ী মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ যুবদলের বেশ কয়েকজন খেলোয়াড় আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারেন। সে ক্ষেত্রে সালেহ মাথায় রাখছেন বঙ্গবন্ধু কাপে বাংলাদেশের বিপক্ষে দুটো ম্যাচের (ফাইনালসহ) প্রতিদ্বন্দ্বিতাকে। জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু কাপের দুটো ম্যাচে আমরা ন্যূনতম ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিলাম। কিন্তু ওই দুটো ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত লড়াই করেছিল।’
সাক্ষাৎকারে মালয়েশিয়া দলের আক্রমণভাগের দুর্বলতার দিকটিও স্বীকার করেছেন কোচ সালেহ। বাংলাদেশের বিপক্ষে ‘সতর্ক’ থাকলেও আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ‘ফিরে পেতে’ এই ম্যাচটির গুরুত্ব যথেষ্ট বলেই জানিয়েছেন তিনি। শাহ আলম স্টেডিয়ামেই ২০১২ সালে এই দুই দেশের মধ্যকার সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সূত্র: স্টার অনলাইন, মালয়েশিয়া।