বাংলাদেশের ম্যাচ দেখবেন যেভাবে

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে প্রথম পর্বে লাওসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বাংলাদেশের ফুটবল ম্যাচ কি দেখা যাবে কোনো টিভি চ্যানেলে?
বাংলাদেশের ফুটবল ম্যাচ কি দেখা যাবে কোনো টিভি চ্যানেলে?
বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে প্রশ্নটি। প্রথম পর্বের ম্যাচে লাওসের মাঠে তাদের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় পর্বের ম্যাচ নিয়ে মানুষের সে আগ্রহ এখন তুঙ্গে। দেশের ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর আগামীকালের ম্যাচটি সরাসরি টিভিতে দেখতে পারবেন তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। প্রথমে বিটিভি ওয়ার্ল্ড খেলা দেখাবে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। কিন্তু বাফুফে আবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ ম্যাচটি সম্প্রচার করবে না বিটিভি ওয়ার্ল্ড।
৬ জুন ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত ম্যাচে রবিউল হাসানের একমাত্র গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে দ্বিতীয় পর্বে ন্যূনতম ড্র করতে পারলেই বিশ্বকাপের মূল বাছাইপর্বে চলে যাবে জামাল ভূঁইয়ারা। আগামীকালের ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। ভিআইপি গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা। টিকিট পাওয়া যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মতিঝিলের বাফুফে ভবনে। স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে খেলা দেখার ব্যবস্থা। আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে গ্যালারির ৫ ও ৬ নম্বর গেট উন্মুক্ত রাখা হবে তাদের জন্য।