সিলেটের দর্শকেরা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন। বঙ্গবন্ধু কাপ ফুটবল দেখার সুবর্ণ সুযোগ তাঁদের সামনে। সেটিও আবার স্বাগতিক দলের খেলা! আগামী ১৬-২৭ জানুয়ারি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপের খেলা হবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভাগীয় শহরে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল এ খবর দিয়ে জানালেন, ‘বাংলাদেশের গ্রুপের খেলা সিলেটে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা এখন সিলেট স্টেডিয়ামের মাঠ সংস্কারসহ সেখানে প্রয়োজনীয় সবকিছু করার সার্বিক প্রস্তুতি নিচ্ছি।’
এক যুগেরও বেশি সময় বন্ধ থাকা বঙ্গবন্ধু কাপ এবার মাঠে ফিরছে এমনই নতুনত্ব নিয়ে! সিলেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের প্রীতি ম্যাচে দর্শক জোয়ার দেখেই বাফুফের এই পরিকল্পনা। ঢাকার চেয়ে সিলেটে দর্শক অনেক বেশি হবে, এই বিবেচনাতেই বাংলাদেশের গ্রুপের খেলা সিলেটে দেওয়ার ভাবনা শুরু হয়েছিল মাস দুয়েক আগে। সেটিই এখন বাস্তবায়ন হচ্ছে।
এরই মধ্যে সিলেট স্টেডিয়াম সংস্কারের দায়িত্ব নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে এনএসসির কাজের গতি খুবই ধীর, যাকে বলে কচ্ছপগতি। তাই হাতে মাত্র এক মাস থাকলেও এখনো সেভাবে কাজই শুরু হয়নি সেখানে। বাংলাদেশ-নেপাল ম্যাচে স্টেডিয়ামের ফটক ভেঙে দর্শকের মাঠে ঢুকে পড়ার সেই দৃশ্যটা মনে রেখে এবার গেটগুলো সংস্কার করার কথা। স্টেডিয়ামে ফ্লাডলাইটও আধুনিকায়ন করার চিন্তা আছে।
সাজঘর, ভিআইপি বক্স, সংবাদমাধ্যমের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তাও দেখছেন সংশ্লিষ্টরা। এনএসসিই এই কাজগুলো করে দেবে বলেছে। শুধু মাঠ তৈরির কাজটা করবে বাফুফে। এ জন্য এনএসসির কাছ থেকে মাঠের বরাদ্দপত্র চাইছে তারা। কিন্তু এখনো বরাদ্দপত্র না পাওয়ায় মাঠের কাজও শুরু করা যায়নি বলছে বাফুফে। সব দেখেশুনে বলতেই হয়, ইঙ্গিতটা ভালো নয়। এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের কাজ দ্রুতলয়ে এগিয়ে চলাই সময়ের দাবি। কিন্তু সব দেখে মনে হচ্ছে হেলায় সময় হারিয়ে শেষ মুহূর্তে গিয়ে গোঁজামিল দিয়ে কিছু কাজ হবে। এ দেশে যা হয় আর কি!
টুর্নামেন্টের সর্বশেষ অগ্রগতি হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন আসছে। কাতার অথবা লাওসের মধ্যে যেকোনো একটি দল আসার কথা। ছয় দলের টুর্নামেন্টে বাহরাইন পাঠাবে অলিম্পিক দল। কারণ, ৯ জানুয়ারি শুরু এশিয়ান কাপে খেলছে দেশটির জাতীয় দল। বাকি চারটি বিদেশি দলই জাতীয় দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে একটি গ্রুপের খেলা হবে ঢাকায়। ফাইনালে ওঠা দুটি দল পাবে চারটি করে ম্যাচ। গ্রুপ থেকেই বিদায় নিলে ম্যাচ মাত্র দুটি, যার অর্থ টুর্নামেন্টের কলেবর সীমিত। আর্থিক ব্যাপারটাই আসল ব্যাপার। তার পরও কিন্তু এই টুর্নামেন্টের বাজেট প্রায় ছয় কোটি টাকায় গিয়ে ঠেকছে। অবশ্য স্পনসর চ্যানেল নাইন একাই দিচ্ছে ছয় কোটি টাকা।
টাকার সংস্থান হওয়ায় টুর্নামেন্টটি অবশেষে আলোর মুখ দেখছে। সিলেটবাসীরই এতে সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা। ঘরোয়া খেলা নেই। কিন্তু ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ বলে কথা।