বাংলাদেশের ম্যাচের আগে ভারতীয় দলে করোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে অনিরুধ থাপাকে (বাঁয়ে) মিস করতে পারেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।
ছবি: ফেসবুক

করোনা হানা দিয়েছে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে কাতারে যাওয়া ভারতীয় দলে। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির মিডফিল্ডার অনিরুধ থাপা। ২৩ বছর বয়সী ফুটবলার গত বুধবার পজিটিভ হয়েছেন।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারণ সম্পাদক কুশল দাস আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন থাপার করোনা আক্রান্তের খবর।

কুশল দাস বলেন, ‘অনিরুধ থাপা করোনায় আক্রান্ত হয়েছে। তাঁকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। আবারও করোনা পরীক্ষা করানো হবে তাঁর।’ সোমবার কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচে থাপার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আগামী ম্যাচকে সামনে রেখে যেমন অনিরুধ থাপাকে হারিয়েছে ভারত, তেমনি চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানাও।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১-১ গোলে ড্রয়ের দিনে কাতারের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। ১৭ মিনিটে ডিফেন্ডার রাহুল ভেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরও স্বাগতিকদের বিপক্ষে বাকি সময়টা ভালো লড়াই করেছেন সুনীল ছেত্রীরা।

ভারতীয় মিডফিল্ডের প্রাণভোমরা বলা হয়ে অনিরুধকে। জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলে দুটি গোল আছে তাঁর। সর্বশেষ ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে না নামলেও কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে খেলেছিলেন তিনি।

আগামী ম্যাচকে সামনে রেখে যেমন থাপাকে হারিয়েছে ভারত, তেমনি চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানাও। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ভারত।