বাংলাদেশের যে ফুটবলারকে পছন্দ হয়েছে ব্রাজিলিয়ান কোচের

>এক মাসের অনুশীলনের জন্য বাংলাদেশের চার কিশোর ফুটবলার এখন ব্রাজিলে। সেখানে সোসিয়াদে স্পোরটিভা ডো গামা ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে অনুশীলন করছে তারা। বাংলাদেশের এক ফুটবলারের বলের ওপর দক্ষতা দেখে পছন্দ করেছেন ক্লাবটির কোচ।
ব্রাজিলিয়ান ফুটবল, জোগো বোনিতো। বলের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ, দৃষ্টিনন্দন ড্রিবলিং করে সাপের মতো এঁকে বেকে প্রতিপক্ষের নিরাপত্তা ব্যূহ গলে সামনের দিকে এগিয়ে যাওয়া, চোখ ধাঁধানো পাস আর দৃষ্টিনন্দন সব গোল। এই সৌরভে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব।
ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের বেশ বড় একটা অংশ আছে বাংলাদেশেও। ব্রাজিলের সঙ্গে দেশের ফুটবলের সম্পর্কটা এই ‘বড় সমর্থক’ হওয়া পর্যন্তই! কেননা দুই দেশের মাঠের ফুটবলের পার্থক্যটা আকাশ-পাতাল। তবে আশার কথা হলো ব্রাজিলের এক কোচের পছন্দের তালিকায় আছে বাংলাদেশের এক কিশোর ফুটবলারের নাম।
ব্রাজিল সরকারের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এক মাসের অনুশীলনের জন্য বাংলাদেশের চার কিশোর ফুটবলার এখন ব্রাজিলে। সেই চার ভাগ্যবান মেধাবী কিশোর ফুটবলার জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল আকন্দ। প্রথম দুজন অনূর্ধ্ব-১৫ এবং বাকি দুজন অনূর্ধ্ব-১৭ বিভাগের। তবে তারা অনুশীলন করছে সোসিয়াদে স্পোরটিভা ডো গামা ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে। ইতিমধ্যে দুই সেশন অনুশীলনে ঘামও ঝরিয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে গামা ক্লাব কোচের মন জয় করে নিয়েছে জগেন লাকরা।
১৫ বছর বয়সী এই কিশোরের বলের ওপর দক্ষতা দেখে স্থানীয় কোচ সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে যাওয়া কোচ আব্দুর রাজ্জাক। ব্রাজিল থেকে প্রথম আলোকে রাজ্জাক শুনিয়েছেন ব্রাজিল কোচের সন্তুষ্টির কথা, ‘প্রথম দিনের অনুশীলনে পরিচয় পর্বের পর ওয়ার্ম আপের সঙ্গে শুধু ছোট গেম খেলানো হয়েছে। সেখানে আমাদের জগেনের স্কিল দেখে পছন্দ করেছেন গামা ক্লাবের কোচ। তবে আমাদের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে অসন্তুষ্টি আছে তাঁর।’ স্থানীয় কোচের নাম নিশ্চিত না করতে পারলেও রাজ্জাকের ভাষ্য মতে ব্রাজিল অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সে কোচের।
কে এই জগেন লাকরা ? গত বছর অনুষ্ঠিত ‘ক্লিয়ার মেন স্কুল ফুটবল’-এ রাজশাহীর সোনাদিঘি স্কুলকে চ্যাম্পিয়ন করেছে জগেন। ৯ গোল করে হয়েছিল টুর্নামেন্টের সেরা গোলদাতা। এ ছাড়া রাজশাহী বিভাগের হয়েও আলো ছড়িয়েছে ডেভেলপমেন্ট কাপ ফুটবলে। সেখানে তার দল রাজশাহী চ্যাম্পিয়ন না হলেও জগেন পায়ের ঝলক ঠিকই আলাদা করে নজর কেড়ে নিয়েছিল।
গামা ক্লাবটি রাজধানী ব্রাসিলিয়ার পার্শ্ববর্তী জেলা ফেডারেল ডিস্ট্রিক্টে অবস্থিত। সেখানকার স্থানীয় লিগ খেলে থাকে তারা। ক্লাবটির নিজস্ব আবাসিক ব্যবস্থায় নয়, বাংলাদেশের ফুটবলারদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। হোটেল থেকে মাঠে যেতে মাত্র ১৫ মিনিট সময় ব্যয় করতে হয় বলে জানিয়েছেন কোচ রাজ্জাক।