বাংলাদেশের সঙ্গে খেলা ভারতীয় ফুটবলারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা ফুটবলাররা হয়তো মনে করতে পারবেন তাঁকে। বেশ কয়েকবারই কার্লটন চ্যাপম্যানের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। বিশেষ করে ১৯৯৭ সালে সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দল খুব করেই মনে রাখবেন এই ভারতীয় ফুটবলারকে। সেবার যে ভারতের অধিনায়ক ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি।
সংগৃহীত ছবি

সেই চ্যাপম্যানই আজ চলে গেলেন পরলোকে। মাত্র ৪৯ বছর বয়সেই ভারতের এই সাবেক ফুটবলার মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। ভারতীয় গণমাধ্যম বলছে প্রচণ্ড পিঠের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেটি যে আসলে ছিল হৃদ্‌যন্ত্রের সমস্যা, ধরা পড়ে সেখানে। চিকিৎসকেরা চেষ্টা চালালেও হাসপাতালে আনতে বড় দেরি হয়ে গিয়েছিল।

বেঙ্গালুরুর এই ফুটবলার গোটা নব্বইয়ের দশক ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন। খেলেছেন বহু আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসে রুপার পদক জেতা ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষেই খেলেছেন একাধিক ম্যাচ।

চ্যাপম্যান ছিলেন মিডফিল্ডার। বেঙ্গালুরুর সাই সেন্টারের হয়ে ক্যারিয়ার শুরু করে পরে বেঙ্গালুরুরই সাউদার্ন ব্লুজ নামের আরেক ক্লাবে যোগ দেন। তিনি ভারতীয় ফুটবলের গর্ব টাটা ফুটবল একাডেমির গ্র্যাজুয়েট। এই একাডেমির অন্যতম সেরা প্রতিভা ধরা হতো তাঁকে।

খেলেছেন কলকাতার জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে। সেখানে তাঁর স্মরণীয় ম্যাচ এশিয়ান কাপ উইনার্স কাপে ইরাকের আল জাওয়ার বিপক্ষে। সে ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছিল ৬-২ গোল। হ্যাটট্রিক করেছিলেন চ্যাপম্যান। কলকাতার এই ক্লাবকে তিনি ২০০১ সালে অধিনায়ক হিসেবে জেতান আই লিগের শিরোপা। ভারতের অন্য ক্লাব জেসিটি, কোচি এফসির হয়েও খেলেছেন তিনি। বাইচুং ভুটিয়া, আইএম বিজয়নদের সঙ্গেই নেওয়া হতো তাঁর নাম। ১৯৯৭ সালে তিনি অধিনায়ক হিসেবে দেশকে জেতান সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। খেলা ছাড়ার পর কোচিং পেশাতেই আত্মনিয়োগ করেছিলেন এই ভারতীয় ফুটবলার।