বাংলাদেশের সামনে আজ কিরগিজরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এখন কিরগিজস্তান-বাধাটা টপকাতে পারলে ফাইনাল নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ এর আগে আফগানিস্তানকে ৩-১ সেটে ও নেপালকে ৩-০ সেটে হারিয়েছে। বাংলাদেশের মতো কিরগিজস্তানও টানা দুই ম্যাচ জিতে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছে। বাংলাদেশ দলের কাল কোনো খেলা ছিল না। খেলোয়াড়েরা বিশ্রামে কাটিয়েছেন। অধিনায়কসহ কয়েকজন খেলোয়াড় কিরগিজস্তানের ম্যাচ দেখার জন্য অবশ্য স্টেডিয়ামে গিয়েছিলেন। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিনই হবে। ঢাকায় গত বছর একই টুর্নামেন্টে কিরগিজস্তান ৩-০ সেটে হারায় বাংলাদেশকে। কিন্তু এবার বদলে গেছে বাংলাদেশ, তৈরি হয়েছে প্রতিশোধ নেওয়ার সুযোগও।
তিন ম্যাচ জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। তবে কিরগিজদের কাছে হারলেও সুযোগ থাকবে। সে ক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে হারাতে হবে মালদ্বীপকে।
কাল কিরগিজস্তান ৩-০ সেটে হারিয়েছে মালদ্বীপকে। অন্য ম্যাচে নেপাল ৩-২ সেটে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে।