বাংলাদেশের সিরিয়া-শিক্ষা

ম্যাচের প্রথম মিনিটেই বল বাংলাদেশের জালে! সেটি বাতিল হলো অফসাইডের কারণে। তবুও সতর্ক হতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১৪ মিনিটের ব্যবধানে দুই ফ্রি-কিকে বাংলাদেশের সর্বনাশ! এ অবস্থায় যতটা গোলবন্যার আশঙ্কা করা হয়েছিল, ততটা না হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে আজ সিরিয়ার বিপক্ষে বাংলাদেশকে মাঠ ছাড়তে হলো ৪-০ ব্যবধানে পরাজয়ের হতাশা নিয়ে।
৫ মিনিটেই সিরিয়াকে দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে দেন ওমর খারবিন। ১৪ মিনিটে আজনানের ফ্রি-কিকটা অসাধারণ হেডে জালে জড়িয়ে দেন মাহমুদ বাহের। প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে বক্সে ডিফেন্ডার নাহিদ হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সিরিয়া । পেনাল্টি থেকে আবারও গোল করেন খারবিন। প্রথমার্ধে একেবারেই ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। ছিল না মাঝমাঠে কোনো নিয়ন্ত্রণ। ছিল না গতি, স্কিলের তেমন কোনো প্রদর্শনী। শুরুতেই গোল খেয়ে বেশ চাপে পড়ে যায় লোডভিক ডি ক্রুইফের দল। সে চাপে যেন স্বাভাবিক খেলাটা খেলতেই ভুলে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
তবে দ্বিতীয়ার্ধে কিছু গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। এ সময়ে বেশকিছু আক্রমণ রচনা করেন রায়হান হাসানরা। বিশেষ করে ওহেদ, তকলিস দুটো সুযোগ হাতছাড়া না করলে কম ব্যবধানে পরাজয়ের সান্ত্বনা পেতে পারত বাংলাদেশ। ৮১ মিনিটে বদলি খেলোয়াড় মাহমুদ আল মাওয়াসের গোলে এক হালি পূরণ করে সিরিয়া। কয়েকটি শট বার কিংবা পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত তাদের।
গৃহযুদ্ধে জর্জরিত এ দলের অধিকাংশ খেলোয়াড়ই খেলেন ইরাক, কুয়েত, ওমানের লিগগুলোয়। স্কিল ও ফিটনেসের বিচারে সিরিয়া থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে পরাজয়টা বড় হওয়ার জন্য নিজেরাও কম দায়ী নয়। উদ্দেশ্যহীন পাস, প্রতিপক্ষের খেলোয়াড়দের ঠিক মতো মার্ক না করা, দুর্বল রক্ষণ, ভোতা আক্রমণ—সব মিলিয়ে পুরো ম্যাচে বাংলাদেশ ছিল যোজন যোজন পিছিয়ে। তাছাড়া সিরিয়া বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে নেমেছিল মাঠে। সেখানে বাংলাদেশের প্রস্তুতি সামান্যই।
বাংলাদেশের পরের ম্যাচ রোববার, উজবেকিস্তানের বিপক্ষে। সিরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে রায়হানরা কতটা নিজেদের শুধরে নিতে পারেন, সেটিই দেখার।