শেষ বাঁশি বাজতেই মাঠে শুয়ে কান্না জুড়ে দিল ফয়সাল আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন জোড়া গোল, ভুটানের বিপক্ষে একটি। কালও বাংলাদেশকে একাই যেন জেতাতে চেয়েছিলেন। নেপালের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল সিরাজগঞ্জের কিশোর। দুর্দান্ত ড্রিবলিং করে বেশ কয়েকবার বক্সে ঢোকে ফয়সাল। দুই মিনিটে দুটি গোল করে একসময় তো আশাই জাগিয়েছিল ফাইনালে খেলার। কিন্তু শেষ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের কাছে ৪-২ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অন্যদের চেয়ে ফয়সালের কষ্টটা বেশি হওয়াই স্বাভাবিক। আগামীকাল স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের সঙ্গে।
স্কোরলাইন অবশ্য বলে না কী নাটকীয়তা আর রোমাঞ্চে ঠাসা ম্যাচে হেরেছে বাংলাদেশ। এভাবে হেরে মূল্য দিতে হয়েছে আসলে দুটি বাজে গোলের! ৩-২-এ পিছিয়ে থেকেও শেষ মিনিট পর্যন্ত আশা ধরে রেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার কেবলই আগে প্রতি-আক্রমণ থেকে নেপাল করে ফেলে ৪-২।
নেপালের আনফা কমপ্লেক্স মাঠটা তো আকাশ মাগার, বীর্যেশ চৌধুরীদের কাছে ঘরের উঠোন। নেপালের উঠতি ফুটবলাররা আনফা একাডেমিতে থেকে এই মাঠেই সারা বছর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচও খেলে। স্বাভাবিকভাবেই স্বাগতিকদের মনোবল ছিল তুঙ্গে, তার ওপর পেয়েছে স্থানীয় দর্শকদের অকুণ্ঠ সমর্থন। অথচ বাংলাদেশের যুবারা মাত্র এক মাসের অনুশীলনে, কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে গেছে। তারপরও কাল যেভাবে খেলেছে তাতে শুধু আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার অভাবই নজরে পড়েছে। রক্ষণের ভুলে দুটি হাস্যকর গোল খেয়েছে তারা।
দলকে উৎসাহ জোগাতে ঢাকা থেকে উড়ে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সঙ্গে নিয়ে যান জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ডকে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ড্রেসিংরুমে গিয়ে ছেলেদের উজ্জীবিত করেন কাজী সালাউদ্দিন। শেষ পর্যন্ত তা কাজে লাগেনি।
পাঁচ মিনিটে আকাশ মাগারের গোলে প্রথমে এগিয়ে যায় নেপাল। ২৯ মিনিটে আকাশই ব্যবধান দ্বিগুণ করেছে। বাংলাদেশ দল এই গোলটা আসলে উপহারই দিয়েছে নেপালকে! সামনেই পড়ে থাকা বলটা চাইলেই ধরতে পারত গোলরক্ষক ইমন হাওলাদার। এমনকি ডিফেন্ডার সাদেকুজ্জামানও বলটি কর্নার করে বাঁচাতে পারত। দুজনের ভুল-বোঝাবুঝির সুযোগ নিয়ে আলতো টোকায় ২-০ করে আকাশ। তবে ৬৪ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে জালে ঢোকায় বাংলাদেশের ডিফেন্ডার নাজমুল বিশ্বাস (৩-০)। ম্যাচটির তখনই ‘কোমায়’ চলে যাওয়ার কথা।
কিন্তু বাংলাদেশ ম্যাচে ফেরে এরপরই। ৭১ ও ৭২ মিনিটে পরপর দুটি গোল করেছে ফয়সাল। ফ্রি-কিক থেকে পাওয়া বল বাঁকানো শটে প্রথমে জালে ঢোকায়। বুদ্ধিদীপ্ত শটে টুর্নামেন্টে করে নিজের ষষ্ঠ গোল। বাকি সময়ে নিশ্চিত দুটি গোলের সুযোগ নষ্ট করেছে উজ্জ্বল ও মিরাজ মোল্লা। একেবারে শেষ মিনিটে প্রতি-আক্রমণ থেকে ৪-২ করেছে নেপালের বীর্যেশ চৌধুরী।
ম্যাচ শেষে হারের জন্য রক্ষণের দুর্বলতাকেই দায়ী করেছেন কোচ মোস্তফা আনোয়ার পারভেজ, ‘ছেলেরা শুরু থেকেই গোলের সুযোগ নষ্ট করেছে। আসলে আমরা ওদের গোল উপহার দিয়েছি।’