বাংলাদেশের হয়ে খেলবেন এলিটা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে সাফিরাকে নিয়ে এলিটা কিংসলে l প্রথম আলো
মেয়ে সাফিরাকে নিয়ে এলিটা কিংসলে l প্রথম আলো

বাংলাদেশে যখন প্রথম আসেন, ভাবতেই পারেননি তাঁর সামনে এমন একটি সুযোগ চলে আসবে। কিন্তু সময়ের ঘড়িটা এলিটা কিংসলেকে দাঁড় করিয়ে দিচ্ছে নতুন এক অভিজ্ঞতার সামনে। সব ঠিক থাকলে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেন নাইজেরিয়ান এই ফুটবলার। সেটি হলে বাংলাদেশ দলে স্ট্রাইকার-সংকট কিছুটা হলেও কাটতে পারে!
শিগগিরই এলিটার হাতে চলে আসতে পারে বাংলাদেশের পাসপোর্ট। গত মাসে আবেদন করেছেন। আবেদন করতে পেরেছেন বাংলাদেশি স্ত্রীর সুবাদে। তা ছাড়া বাংলাদেশে অন্তত পাঁচ বছর থাকার শর্তও পূরণ করেছেন।
২০১২ সালের প্রথম দিকে বাংলাদেশে আসেন প্রথমবার। এসেই নাম লেখান আরামবাগ ক্লাবে। তারপর বিজেএমসি ও মুক্তিযোদ্ধা হয়ে গত বছর ফিরে আসেন বিজেএমসিতে। এবার ফেডারেশন কাপে বিজেএমসির হয়ে মাঠে নামেন। কিন্তু চোটের কারণে এখনো লিগে খেলা হয়নি। পুরো ফিট হয়ে ঈদের পর শুরু থেকেই খেলবেন বলে জানালেন।
এলিটা প্রচারের আলোয় আসেন আসলে গত বছর চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল টুর্নামেন্টে। ফাইনালে চট্টগ্রাম আবাহনীর হয়ে ২ গোল করে চোখে পড়েন সবার। সব ছাপিয়ে এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সারা মাঠ প্রদক্ষিণ করেন। পরদিন চট্টগ্রামের হোটেলে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং শিশুকন্যা সাফিরা এলিটা। মাঠে ওভাবে বাংলাদেশের পতাকা নিয়ে আনন্দ করার কারণটাও তখন জানিয়ে দেন প্রথম আলোকে, ‘আমার স্ত্রী বাংলাদেশি। আমি নরসিংদীতে বিয়ে করেছি। এখন আমি নিজেকে একজন বাংলাদেশি হিসেবেই ভাবি।’
বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেলে আনুষ্ঠানিকভাবেই এ দেশের নাগরিক হয়ে যাবেন। সেটি না হওয়ার কোনো কারণও দেখেন না এলিটা, ‘লাল-সবুজ পাসপোর্ট পেতে গত মাসে আমার করা আবেদনটি এখন এসবিতে আছে পুলিশি ছাড়পত্রের জন্য। আমার বিশ্বাস, ছাড়পত্র আমি পাব। সব শর্তই পূরণ করেছি। তা ছাড়া আমি এ দেশে এসে কোনো অপরাধ করিনি।’
আর বাংলাদেশের পাসপোর্ট পেলে এ দেশের জাতীয় দলে খেলতেও বাধা থাকবে না। কথাটা তুলতেই নিজের আগ্রহের কথাটা জানালেন ২৭ বছর বয়সী নাইজেরিয়ান, ‘আমার তো আগ্রহ আছেই। তবে আগে পাসপোর্ট পাই, তারপর ফুটবল ফেডারেশন আমাকে বাংলাদেশ দলে খেলার প্রস্তাব দিলে পরিবারের সঙ্গে কথা বলব। সবাই যদি চায়, আমার খেলতে কোনো সমস্যা নেই।’
বাফুফে চাইবে কি না, সেটিই প্রশ্ন। কিছুদিন আগে তিনজন আফ্রিকান ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর উদ্যোগ নিয়েও বাফুফে পরে পিছিয়ে যায় একটি মহলের বিরোধিতার কারণে। তবে এলিটার ক্ষেত্রে সেই সমস্যা নেই। কারণ তিনি নিজেই বিদেশি পরিচয় ছাপিয়ে গায়ে মাখতে চলেছেন বাংলাদেশি তকমা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিষয়টিকে ইতিবাচকই দেখছেন, ‘বিদেশিদের ব্যাপারে আমাদের আগ্রহে ভাটা পড়েছে, এটা সত্য। তবে এলিটা কিংসলের বিষয়টা ভিন্ন। তিনি নিজে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেলে আমরা তাঁকে জাতীয় দলে নেওয়ার জন্য ভাবতেই পারি। এতে বাংলাদেশ দল লাভবান হতে পারে।’
দুইয়ে দুইয়ে চার মিলে যদি এলিটার গায়ে বাংলাদেশের জার্সিটা উঠেই যায়, কে বলতে পারে বাংলাদেশের ফুটবলের ভালো তাতে হবে না!