বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন তুর্কি কিশোরের

আকাশের সূর্যটা তখন গনগনিয়ে ঘাম ঝরাচ্ছিল সবার। বাইরে থাকাই দায়। তারপরও অসহ্য গরমকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাস্ট্রোটার্ফে চলছিল অনূর্ধ্ব-১২ ফুটবল দলের ট্রায়াল। বাহারি রঙের জার্সিতে প্রায় ২০০ ফুটবলারে মুখরিত অ্যাস্ট্রোটার্ফ। দেশের ফুটবলের পরিপ্রেক্ষিতে এক দারুণ দৃশ্য। সেখানে সূর্যমুখী ফুলের মতোই আলাদাভাবেই চোখ পড়ল বাদামি চুলের একটি ছেলের দিকে। শরীরী ভাষাতেও যেন ভিন্নতা। ক্ষিপ্রগতির বডি ডজে প্রতিপক্ষকে বোকা বানাচ্ছে নিমেষেই। ছেলেটির দিকে নজর দিলে বোঝা যায়, সে সবার থেকে আলাদা। নাম মুস্তফা দারুস সয়ার। তুর্কি বংশোদ্ভূত। তবে ঢাকায় জন্ম ও বাস করার কারণে এখন বাংলাদেশিই হয়ে উঠেছে পুরোদস্তুর।
গত জুনে রাশিয়ায় কনফেডারেশন কাপের সময় ‘গজপ্রম ফুটবল উৎসবে’ বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল ১২ বছর বয়সী গোলাম রাব্বী। বাফুফের ট্রায়ালে সেরা হয়েই রাব্বী টিকিট পেয়েছিল রাশিয়ার। কিন্তু সেই ট্রায়ালে সেরা হতে না পেরে রাশিয়ায় যেতে পারেনি টার্কিশ হোপ স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়া মুস্তফা। তবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এবার না হলেও হতাশ হয়নি সে। স্বপ্ন দেখছে ভবিষ্যতে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলার।
বাবা একরাম সয়ারের উৎসাহেই মুস্তফার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা, ‘বাবাই আমাকে এই ট্রায়ালে নিয়ে এসেছেন। তিনি চান আমি যেন বাংলাদেশের হয়ে খেলি। আমিও খেলতে চাই। রাশিয়ায় যাওয়ার সুযোগ হলো না। তবে চেষ্টা করে যেতে চাই।’ খুব ভালো বাংলা বলতে পারে না মুস্তফা। তবে ভাঙা ভাঙা বাংলায় এভাবেই নিজের প্রত্যয়টা জানিয়ে রাখল সে।
নিজের স্বপ্ন পূরণের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে মুস্তফা। এরই মধ্যে স্কুলের হয়ে থাইল্যান্ডে একটি টুর্নামেন্ট খেলে এসেছে। ২০০৬ সালে ঢাকায় জন্ম মুস্তফার। বাংলাদেশকে নিজের দেশই মনে করে সে। সে কারণেই বাংলাদেশের হয়ে খেলতে চাওয়াটা যেন ১১ বছরের ছেলেটির সযত্নে লালিত এক স্বপ্ন।

মুস্তফার বাবা ২০০৪ সাল থেকে বাংলাদেশে বাস করেন। এসেছিলেন গার্মেন্টস ব্যবসা করতে। বাঁক বদলে এখন রেস্টুরেন্ট ব্যবসায়ী। এরপর বাংলাদেশের প্রেমে পড়ে পুরোপুরি বাংলাদেশি হয়ে ওঠার চেষ্টা। তাই ইস্তাম্বুলের বাড়ি ছেড়ে স্ত্রীকে ঢাকায় নিয়ে আসা। ঢাকাতেই দুই ছেলেমেয়ে মুস্তফা ও হাবিবার জন্ম।
মুস্তফার ট্রায়ালের দিন মাঠের বাইরে খুব চিন্তিত হয়ে পায়চারি করতে দেখা গেল তাঁর বাবাকে। ইস্তাম্বুলে শখের বশে নিয়মিত ফুটবল খেলতেন। তুরস্কের অন্যতম সেরা ক্লাব গ্যালাতেসারাই তাঁর প্রিয় দল। সবকিছু ছেড়ে প্রায় ১৩ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশই তাঁর দ্বিতীয় বাড়ি। একমাত্র ছেলেটি বাংলাদেশের হয়ে খেলতে পারলে সেটি তাঁর জন্য অনেক গর্বের ব্যাপার হবে বলে জানালেন এই মানুষটি, ‘প্রায় ১৩ বছর ধরে বাংলাদেশে বাস করছি। বাংলাদেশ এখন দ্বিতীয় বাড়ির চেয়েও বেশি কিছু। ছেলেটা বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি খুব গর্ববোধ করব।’
এখনই মুস্তফা ফুটবলার হয়ে উঠবে—এমনটা ভাবা একটু বাড়াবাড়িই। তবে লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন দেখছে তুরস্কের এক কিশোর—এটাই বা কম কী!