বাংলাদেশের 'ভক্ত' অস্ট্রেলিয়ান কোচ

ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বয়সী মেয়েদের উত্থানে দারুণ খুশি অস্ট্রেলীয় অনূর্ধ্ব-১৬ নারী দলের কোচ রাই ডাওয়ার। ৪০ বছর ধরে অস্ট্রেলিয়ার নারী ফুটবলের উন্নতিতে কাজ করে যাওয়া ডাওয়ার মনে করেন, ফুটবলে বাংলাদেশের মেয়েরা অনেক দূরই যাবে।
ছোটবেলায় ক্রিকেট খেলতেন রাই ডাওয়ার। তবে ক্যারিয়ার গড়তে ক্রিকেট বাদ দিয়ে একটা সময় ফুটবলই বেছে নেন। ফুটবল ক্যারিয়ার শেষে জড়িয়েছেন কোচিং পেশায়। কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে বহু খেলোয়াড় গড়েছেন নিজের হাতে। তাঁর ভাষায়, ‘ক্রিকেট-পাগল’ বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ বয়সী মেয়েদের এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলতে আসাটা দারুণ স্বস্তির, আনন্দের, ‘আমি জানি, বাংলাদেশ ক্রিকেট-পাগল দেশ। তবে ফুটবলেও ওরা উঠে আসছে।’
থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশের গ্রুপসঙ্গী ডাওয়ারের অস্ট্রেলিয়া। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই খেলা বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ। এর আগে উত্তর কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি ম্যাচ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ। সে তুলনায়ে অস্ট্রেলিয়া অবশ্য কিছুটা কম শক্তিরই। ডাওয়ার মনে করেন, ম্যাচটি হবে দারুণ আকর্ষণীয়, ‘ম্যাচটি খুবই উপভোগ্য ও আকর্ষণীয় হবে বলেই মনে করি আমি। তবে থাইল্যান্ডের গরম আমাদের কিছুটা সমস্যায় ফেলবে। ম্যাচটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
একসময় ক্রিকেট খেলতেন। তাই ক্রিকেটও দেখেন অখণ্ড মনোযোগ দিয়েই। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি টেস্টই দেখেছেন। এই প্রতিবেদককে নিজেই তা বলেন, ‘বাংলাদেশ তো আমাদের হারিয়ে দিল। যদিও আমরা শেষ পর্যন্ত সিরিজটা বাঁচাতে পেরেছি।’
ফুটবলে বাংলাদেশের মেয়েদের উত্থানটা ডাওয়ারের খুব ভালো লাগে, ‘কী জানি, নিজে মেয়ে বলেই হয়তো মেয়েদের উত্থান ভালো লাগে। মেয়েরা খেলাধুলায় ভালো করলেই আমার ভালো লাগে। বাংলাদেশকে এই পর্যায়ে খেলতে দেখে তাই অসম্ভব ভালো লাগছে। আমি মনে করি, তোমাদের মেয়েদের ফুটবল দল আরও বড় বড় সাফল্য উপহার দেবে। অনেক দূর যাবে। অস্ট্রেলিয়ার পাশাপাশি আমি বাংলাদেশের মেয়েদের খেলারও ভক্ত।’
অস্ট্রেলিয়ার জুনিয়র মহিলা ফুটবল কোচ হওয়ার আগে ডাওয়ার ছিলেন ক্যানবেরা ইউনাইটেডের দায়িত্বে। অস্ট্রেলিয়ার মেয়েদের নিয়ে স্বপ্ন দেখেন অনেক দূরে যাওয়ার। অস্ট্রেলিয়ায় মেয়েদের ফুটবল নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও যে বদলে গেছে, সেটাই বললেন, ‘ইদানীং অস্ট্রেলিয়ায় মেয়েদের ফুটবল দেখতে আসছে সবাই। নারী ফুটবল লিগের গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড দর্শক হয়েছিল। ওরা বলে, ভালো খেলা হলে অবশ্যই আমরা আসব। এখন আমাদের প্রয়োজন শুধু ভালো খেলা উপহার দেওয়ার।’
কালই স্বপ্নের এই প্রতিযোগিতার মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে থাকছে জাপান।