বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে দুই বন্ধুর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাছাইপর্ব শুরুর আগে এএফসির নির্ধারিত সংবাদ সম্মেলনে দুই বন্ধু মাহবুব হোসেন রক্সি ও এহসান আব্দুল গণি। ছবি: প্রথম আলো
বাছাইপর্ব শুরুর আগে এএফসির নির্ধারিত সংবাদ সম্মেলনে দুই বন্ধু মাহবুব হোসেন রক্সি ও এহসান আব্দুল গণি। ছবি: প্রথম আলো

দৃশ্যটা দুই বন্ধুর মিলনের। দুশানবের হোটেলে আজ সকালে বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সি আর মালদ্বীপের কোচ এহসান আবদুল গণির যখন দেখা হলো, তখন ভাবতে বেশ অবাকই লাগছিল, আর কিছুক্ষণ পরই এই দুজন ‘শত্রু’ হয়ে যাবেন। আজ বিকেলে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে যে বাংলাদেশ-মালদ্বীপ লড়াই।

২০০৬ সালে জাপানে আন্তর্জাতিক কোচেস কোর্সে পরিচয় হয়েছিল রক্সি ও গণির। পরে আবারও দেখা হয়েছে মালয়েশিয়ায় আরও একটি কোর্সে। সেখানে গিয়েই বন্ধুত্ব আরও গাঢ় হয়। কারণ, কুয়ালালামপুরের হোটেলে দুজন ছিলের রুমমেট। কোর্সের ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাসে দুজনেই গ্রুপসঙ্গী হয়ে কাজ করেছেন। এরপর যোগাযোগটা ছিল সব সময়ই অটুট।

দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে ডাগ আউটে আজ দুই বন্ধু একে অপরের প্রতিপক্ষ। সে কারণেই হয়তো আলাপটা ঠিক জমল না। ‘হাই’, ‘হ্যালো’ আর একে অন্যের কুশলাদি জিজ্ঞেস করেই দুজনের দুটি পথ দুটি দিকে বেঁকে গেল।

রক্সির সঙ্গে গণির ডাগ আউটের শত্রুতা নতুন নয়। গত সেপ্টেম্বরে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে গণির মালদ্বীপকেই ২-০ গোলে হারিয়েছিল রক্সির বাংলাদেশ। তবে খেলার বাইরে দুজন যে খুব ভালো বন্ধু, সেটার প্রমাণ গণি দিয়েছেন তাজিকিস্তানের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচে। সেদিন গ্যালারি থেকে বাংলাদেশের জন্য গলা ফাটিয়ে সমর্থন দিয়ে যাচ্ছিলেন গণি।

রক্সি অবশ্য আজ ‘শত্রু’ ‘শত্রু’ মনোভাবটা রাখতেই চাইলেন, ‘এমনিতে আমরা খুব ভালো বন্ধু। সব সময় যোগাযোগ হয়, কিন্তু তা কেবল মাঠের বাইরেই। মাঠে নামলে কে কাকে চেনে।’