বাংলাদেশ-ম্যাচের আগে 'ঝামেলা'য় অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ‘সমস্যা’র মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ফুটবল দল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট একটা বড় সমস্যা। চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বাংলাদেশ-ম্যাচে পাচ্ছেন না কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু—এটা পুরোনো খবর। কিন্তু যে ব্যাপারটি ম্যাচের ৭২ ঘণ্টা আগে অস্ট্রেলীয় ফুটবলের মাথা-ব্যথার কারণ হয়েছে সেটা হলো খেলোয়াড়-ফেডারেশন দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণে পৃষ্ঠপোষকদের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিকতা বয়কট করছেন টিম কাহিলরা।
অর্থ সংক্রান্ত বিষয়ে অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবলারদের সংগঠন-পিএফএ’র সঙ্গে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) দ্বন্দ্ব এখন চরমে। খেলোয়াড়দের সঙ্গে একটি দর-কষাকষি চুক্তির (সিবিএ) মেয়াদ শেষ হয়ে যাওয়া পর এই দ্বন্দ্বের সৃষ্টি বলে জানিয়েছে এবিসি অনলাইন।
এই দ্বন্দ্বের কারণে অবশ্য বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছে পিএফএ। কিন্তু ম্যাচের বাইরে ফুটবল ফেডারেশনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে তারা। এরই অংশ হিসেবে পার্থের একটি শপিং মলে মঙ্গলবার অনুষ্ঠেয় একটি প্রচারণামূলক অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবলাররা মনে করছে দর-কষাকষি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ফেডারেশন এ ব্যাপারে নতুন উদ্যোগ গ্রহণ না করে খেলোয়াড়দের অধিকার হরণ করছে। অস্ট্রেলিয়ার ফুটবলপ্রেমীদের কাছে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে খেলোয়াড়েরা জানিয়েছে এ ব্যাপারে তাদের আর কিছুই করার ছিল না।