বাউজাতেই আস্থা আর্জেন্টিনার
গত সপ্তাহে বলিভিয়ার কাছে আর্জেন্টিনার ২-০ গোলে হারের পরই বাতাসে গুঞ্জন, কোচের পদ থেকে ছাঁটাই হচ্ছেন এদগার্দো বাউজা। তবে আপাতত সেগুলোকে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিতে হচ্ছে। পরশু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নতুন সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ বাউজাই থাকছেন।
বিশ্বকাপের বাছাইপর্বে এ মুহূর্তে ১০ দলের মধ্যে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে পাঁচে। কনমেবল থেকে সরাসরি বিশ্বকাপে খেলতে পারে চারটি দল, পঞ্চম দলটি খেলে প্লে-অফে। আর্জেন্টিনার বাকি চার ম্যাচের মধ্যে উরুগুয়ে ও ইকুয়েডরের ম্যাচ দুটি প্রতিপক্ষের মাঠে। নিষেধাজ্ঞার কারণে প্রথম তিন ম্যাচেই থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি!
বাছাইপর্বে আর্জেন্টিনার এই বেহাল বলেই বাউজা ছাঁটাই হওয়ার গুঞ্জনটা ছড়িয়েছে আরও বেশি। তবে এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘বাউজা অনেক ভালো একজন কোচ। জাতীয় দলের দায়িত্ব এখনো তারই। তার সঙ্গে একটা চুক্তি আছে আমাদের। আমাদের কাজ করে যেতে হবে, একে অন্যকে আরও ভালোভাবে জানতে হবে।’ সূত্র: গোলডটকম।