বাকিদের কথা ভেবে করোনাকে ‘ড্রিবল’ করলেন রোনালদো

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে বুট থাকতে ডিফেন্ডারদের আলগোছে পাশ কাটাতেন তিনি। মনে হতো ছলকে পড়ছেন ডিফেন্ডাররা, আর রোনালদো তাঁদের মাঝ দিয়ে তির বেগে ছুটে চলছেন বল পায়ে। এখন তো আর খেলায় নেই, তাই তাঁর ডিফেন্ডারদের কাটানোর ছবিগুলোও সোনালী অতীত। তবে ড্রিবলিংয়ের সুযোগ পেলে ‘ও ফেনোমেনন’ ছাড়বেন কেন! সেটিও আবার এমন যে, তা না করলে হয়তো অন্য অনেকের ক্ষতির সম্ভাবনা থাকত। সাবধানতা হিসেবে বাকিদের কথা ভেবেই তাই করোনাভাইরাসকে ‘ড্রিবলিং’ করলেন রোনালদো।

গৌরচন্দ্রিকা রেখে আসল কথায় আসা যাক। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কাল রাতে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এ ম্যাচ নিয়ে একটি ড্র অনুষ্ঠানের আয়োজন করেছিল স্পেনের আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান ‘ব্যাঙ্কো সান্তেন্দর’—যার পুরো আয়োজনে ছিলেন রোনালদো। এ ড্রয়ের বিজয়ী যিনি হবেন, তিনি ইবিজায় সান্তেন্দর মিডিয়া হাউসে রোনালদো এবং তাঁর সঙ্গী–সাথীদের সঙ্গে ফাইনাল দেখার সুযোগ পাবেন। কিন্তু বাকিদের নিরাপত্তার কথা ভেবে অনুষ্ঠানটি বাতিল করেছেন ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।

করোনা মহামারির মধ্যে সাবধান থেকেই ক্লাবের দায়িত্ব সারছেন রোনালদো।
ছবি: টুইটার

নিরাপত্তার কথা আসছে কেন? না, ভয় পাওয়ার কিছু নেই। রোনালদো কিংবা তাঁর পরিবারের কেউ করোনায় আক্রান্ত হননি। তবে ব্রাজিল কিংবদন্তি এবং তাঁর পরিবার সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ড্র অনুষ্ঠানে জনসমাগম তো আর কম হবে না। তাঁদের স্বাস্থ্যগত নিরাপত্তার কথা ভেবেই অনুষ্ঠানটি বাতিল করেছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এ স্ট্রাইকার।

ইনস্টাগ্রামে রোনালদো জানিয়েছেন, এই সপ্তাহে তিনি এবং তাঁর পরিবার করোনা ‘পজিটিভ’ এক ব্যক্তির সংস্পর্শে আসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোটা পরিবারসহ করোনা পরীক্ষা করিয়েছেন লা লিগার ক্লাব রিয়াল ভায়োদোলিদের এই সভাপতি। ভাগ্যক্রমে কেউ সংক্রমিত হননি। তবে স্প্যানিশ কর্তৃপক্ষ সাবধানতা হিসেবেই অনুষ্ঠানটি বাতিলের পরামর্শ দিয়েছিল রোনালদোকে। এরপর তিনি সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি।
২০১৮ সালে ভায়োদোলিদ ক্লাবটি কেনেন রোনালদো। এরপর থেকেই ক্লাব সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে ড্র অনুষ্ঠান বাতিলের হতাশাও রয়েছে রোনালদোর। সম্ভাব্য বিজয়ীর সঙ্গে খেলা দেখতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলের সাবেক এ স্ট্রাইকার।