বাগানে হতাশার ফুল আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শূন্যে লাফিয়ে বল লুফে নিলেন আবাহনীর গোলরক্ষক সোহেল। এ যাত্রায় দল রক্ষা পেলেও কাল কলকাতার রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে মোহনবাগানের বিপক্ষে হেরেছে আবাহনী l ছবি: এএফসি
শূন্যে লাফিয়ে বল লুফে নিলেন আবাহনীর গোলরক্ষক সোহেল। এ যাত্রায় দল রক্ষা পেলেও কাল কলকাতার রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে মোহনবাগানের বিপক্ষে হেরেছে আবাহনী l ছবি: এএফসি

ছয় বছর আগের স্মৃতিটা কি কাল আবারও ফিরে এসেছিল দ্রাগো মামিচের মনে? আইএফএ শিল্ডে মোহনবাগানকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মামিচের দল চার্চিল ব্রাদার্স। এবারও প্রতিপক্ষ মোহনবাগান। কিন্তু মামিচের ডাগআউটের ঠিকানাটা বদলে গেছে। জয়ের সুখানুভূতি নিয়েও কলকাতা থেকে ফেরা হচ্ছে না ক্রোয়াট কোচের। কাল এএফসি কাপে মামিচের ক্লাব ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়েছে মোহনবাগান।
অথচ রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে ৪৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে আবাহনীকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ওয়েলস স্ট্রাইকার জোনাথন ডেভিড। কিন্তু জয় দূরে থাক, শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা পেল না একটি পয়েন্টও।
এএফসি কাপে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে আই লিগের ক্লাব জেএসডব্লু বেঙ্গালুরুর কাছে ২-১ গোলে হেরেছিল মোহনবাগান। মাজিয়ার কাছে ২-০ গোলে হারে আবাহনী।
এএফসি কাপের এই ম্যাচ এক অর্থে দুই বাংলার ফুটবলের মর্যাদার লড়াইও ছিল। যে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী ক্লাবটি। লড়াই ছিল আরও একজনের। কয়েক মৌসুম আগে ঢাকার ফুটবল মাতানো সনি নর্দের সঙ্গে পুরোনো প্রতিপক্ষের যে কালই প্রথম দেখা হলো মাঠে!
ঢাকায় গত মাসে ভঙ্গুর এক দল নিয়ে মাজিয়ার বিপক্ষে খেলেছিল আবাহনী। সামাদ ইউসুফ, প্রাণতোষ দাসরা না থাকায় এবার আরও নাজুক অবস্থা দলটির। উল্টো মোহনবাগানের আক্রমণের সেরা অস্ত্র ইয়ুসা কাতসুমি, সনি নর্দে, জে জে লালপেখুলারা তেতে ছিলেন আই লিগের সর্বশেষ ম্যাচ থেকেই। তিন দিন আগে আই লিগের ম্যাচে বেঙ্গালুরুকে ৩-০ গোলে হারায় মোহনবাগান। ওই ম্যাচে জোড়া গোল করেন কাতসুমি। আরেক গোলদাতা স্কটিশ ড্যারেল ডাফিকে তো কাল বেঞ্চেই বসিয়ে রাখলেন কোচ সঞ্জয় সেন।
ম্যাচ শুরুর আগে সঞ্জয় বলেছিলেন, আবাহনীর ম্যাচের কোনো ভিডিও দেখেননি। প্রথম মিনিট দশেক আবাহনীর খেলা দেখে তবেই আক্রমণের কৌশল সাজানোর পরিকল্পনা ছিল তাঁর। আবাহনী অবশ্য যা একটু খেলেছে প্রথম ২৫ মিনিটই। শুরুর ১১ মিনিটে ছয়টি কর্নার আদায় করেও কোনোটিকেই অনূদিত করতে পারেনি গোলে। তবু ২১ মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে গিয়েছিল আবাহনীই।
গোল খেয়েই যেন হুঁশ ফেরে বাগানের। তেতে ওঠেন সনি নর্দে, কাতসুমিরা। ৪৫ মিনিটে জেজে লালপেখুলা সমতায় ফেরান বাগানকে। বক্সের মধ্যে সনি নর্দের বাড়িয়ে দেওয়া বলে বা পায়ের আলতো শটে স্কোর ১-১ করেন ভারতের জাতীয় দলের স্ট্রাইকার। ৪৮ মিনিটে বড় ধাক্কাটা দেন বলবন্ত সিং, কাতসুমির বাড়িয়ে দেওয়া বলটা গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে (২-১)। ৮৭ মিনিটে আবাহনীকে শেষবারের মতো হতাশায় ডুবিয়েছেন সনি নর্দে (৩-১)।
এএফসি কাপে আবাহনীর পরের ম্যাচ ১৮ এপ্রিল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রতিপক্ষ স্বাগতিক বেঙ্গালুরু।
আবাহনী: সোহেল, রায়হান, নাসির উদ্দিন, মামুন মিয়া, ওয়ালী ফয়সাল, টুটুল, ইয়াসিন, সোহেল রানা, জোনাথন, জীবন, ডার্লিংটন।