বাঙ্গুরা-সামাদকে নাগরিকত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলকে শক্তিশালী করতে চায় বাফুফে, তারই অংশ হিসেবে হাত বাড়ানো হয়েছে ঢাকায় খেলা অন্তত দুজন বিদেশি ফুটবলারের দিকে। অবশ্য সেটি কোচ লোডভিক ডি ক্রুইফের চাহিদা মেনেই। কোচ বাফুফের কাছে তিনজন বিদেশির নাম দিয়েছেন—মোহামেডানের গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা, আবাহনীর ডিফেন্ডার সামাদ ইউসুফ ও শেখ রাসেলে খেলা কিংসলে চিবুজি। এই খেলোয়াড়দের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নেওয়ার ইচ্ছা ক্রুইফের।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম কাল জানালেন, ‘বিদেশি ফুটবলারদের নাগরিকত্ব দিতে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো আগামীকাল (আজ) জানব আমরা। তারপর প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শুরু করব।’
ফিফার আগেকার নিয়মে ছিল, কোনো দেশে নাগরিকত্ব পেতে অন্তত তিন বছর সে দেশে খেলতে হবে। নতুন নিয়মে তিন বছরের জায়গায় পাঁচ বছর। এই শর্ত পূরণ হয়েছে বাঙ্গুরা ও সামাদের। তবে কিংসলের পাঁচ বছর হয়েছে কি না, বাফুফে নিশ্চিত নয়।
সালাউদ্দিন চাইছেন, যে করেই হোক বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নিতে। জাতীয় দলের শক্তি বাড়াতে এটিকে জরুরি মনে করেন বাফুফে সভাপতি। ওদিকে ডি ক্রুইফ তো ব্যগ্র হয়ে আছেন। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ম্যাচের আগেই বাঙ্গুরাদের তিনি চান!