বাচ্চাদের খেলিয়ে পাঁচ গোল হজম লিভারপুলের

>গত রাতে ফুটবল লিগ কাপের (কারাবাও কাপ) কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল।
লুইস লংস্টাফ, হার্বি কেইন, টমাস হিল, আইজ্যাক ক্রিস্টি-ডেভিস, টনি গ্যালাকার, মরগান বয়েস— এদের কাউকে চেনেন?
না চিনলেও সমস্যা নেই। পোড় খাওয়া লিভারপুল সমর্থকেরাও হয়তো এদের নাম গত রাতেই জীবনে প্রথম শুনেছেন। এরাই গত রাতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নেমেছিলেন।
কেন নেমেছিলেন? ভার্জিল ফন ডাইক, মোহাম্মদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, অ্যালিসনদের মতো তারকারা কোথায় গেলেন?
তারা সবাই গেছেন আরেক মহাদেশে। মধ্যপ্রাচ্যের কাতারে খেলতে গিয়েছেন ক্লাব বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জয়ীরা প্রতি মৌসুমে এই বিশেষ টুর্নামেন্ট খেলার সুযোগ পান। এবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে লিভারপুল,তাই দলের মূল খেলোয়াড়দের নিয়েই ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। আর সেই ক্লাব বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটা পড়েছে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই। অ্যাস্টন ভিলার বিপক্ষে ইংল্যান্ডের বার্মিংহামে কারাবাও কাপের ম্যাচ খেলার চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই কাতারে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নামতে হবে তাদের। চব্বিশ ঘণ্টায় দুটি ভিন্ন ভিন্ন মহাদেশে দুটি ম্যাচ কীভাবে খেলা যায়?
দুই ম্যাচের জন্য তাই দুটি দল নির্বাচন করেছিলেন ক্লপ। মূল দলকে খেলতে নিয়ে গেছেন ক্লাব বিশ্বকাপে, আর ‘বাচ্চাদের’ নিয়ে সাজানো দলটাকে রেখে গেছেন লিগ কাপের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য। সে কারণেই গত রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নেমেছিলেন লংস্টাফ, কেইন, হিল, ক্রিস্টি-ডেভিস, গ্যালাকার, বয়েসরা। যে দলের গড় বয়স মেরেকেটে আঠারো। এরাই গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ফলে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে লিভারপুল।
কারাবাও কাপ প্রতিযোগিতাটাকে এমনিতেই লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বিশেষ পছন্দ করেন না। করবেন-ই বা কেন? কষ্ট করে এই প্রতিযোগিতা খেলে জেতার পর যা টাকাকড়ি পাওয়া যায়, তা মোহাম্মদ সালাহ এক সপ্তাহেই কামাতে পারেন। এই অল্প কিছু পুরস্কারের জন্য লিগ, চ্যাম্পিয়নস লিগের মাঝে খেলোয়াড়েরা যে বিশ্রাম না নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন, তার কোনো অর্থ দেখেন না লিভারপুলের জার্মান কোচ। সে কারণেই অধিকাংশ সময় মূল একাদশ না নামিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন তিনি। এই যেমন গত রাউন্ডে, আর্সেনালের বিপক্ষে ম্যাচে অ্যালিসন, আলেক্সান্ডার-আরনল্ড, রবার্টসন, ফাবিনহো, সালাহ, মানে, ফিরমিনোর মতো মূল একাদশের খেলোয়াড়দের না খেলিয়ে একাদশে রেখেছিলেন হার্ভি এলিয়ট, রিয়ান ব্রুস্টার, নিকো উইলিয়ামসের মতো আনকোরা তরুণদের। আর গত রাতে হওয়া কোয়ার্টার ফাইনালে তো ব্রুস্টার, উইলিয়ামসরাও ছিলেন না। মূল একাদশের ডাকে তারাও সালাহদের সঙ্গে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে।
ফলে আক্ষরিক অর্থেই এক রকম ‘তৃতীয়’ সারির দল নিয়ে মাঠে নেমেছিল লিভারপুল। এমনকি ডাগ আউটে ক্লপের জায়গায় দেখা গেছে দলটার অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিল ক্রিচলিকে।
লিভারপুল তৃতীয় সারির দল নামালে নামাক, তাতে অ্যাস্টন ভিলার কী? তারা ঠিকই ঘুরেফিরে মোটামুটি মূল একাদশের খেলোয়াড়দেরই মাঠে নামিয়েছিল। আহমেদ এল মোহাম্মদি, জেমস চেস্টার, এজরি কোনসা, কনর হোরিহান, ডগলাস লুইজ, নিল টেলর, ত্রেজেগে - সবাই মোটামুটি মূল একাদশেরই খেলোয়াড়। শেষ গোল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়েসলি মোরায়েসকে তো এই মৌসুমেই ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে এনেছে তারা।
ফলে যা হওয়ার তাই হয়েছে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। কনর হোরিহানের এক গোলের সঙ্গে স্ট্রাইকার জোনাথান কজিয়ার জোড়া গোল, মাঝে বয়েসের আত্মঘাতী গোল মিলিয়ে এক হালি গোল দিয়েছিল ভিলা। দ্বিতীয়ার্ধে ওয়েসলির গোল মিলিয়ে ৫-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে তারা। ম্যাচ শেষে অ্যাস্টন ভিলার কোচ ডিন স্মিথ ও সহকারী কোচ কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি লিভারপুলের ড্রেসিংরুমে গিয়ে লিভারপুলের তরুণদের প্রশংসা করে এসেছেন।
তবে লিভারপুল নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। এর আগে ইংল্যান্ড থেকে যারা চ্যাম্পিয়নস লিগ জিতে ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়েছিল, তারা ক্লাব বিশ্বকাপ ও লিগ কাপের ম্যাচের মধ্যে ন্যূনতম চার দিনের একটা বিরতি পেয়েছিল। ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড লিগ কাপের ম্যাচ খেলার ১৮ দিন পর ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিল, ২০১২ সালের চ্যাম্পিয়ন চেলসি নেমেছিল চার দিন পরে। লিভারপুল অমন বিরতি পেলে হয়তো গতকাল আনকোরা তরুণদের নয়, বরং সালাহ-মানেদেরই দেখা যেত।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এদিকে মেক্সিকোর ক্লাব মন্তেরের বিপক্ষে মধ্যপ্রাচ্যে আজ খেলতে নামবে লিভারপুল। বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় দেখা যাবে ম্যাচটা।