বাচ্চাদের জন্য যে অতৃপ্তিতে ভোগেন মেসি
লিওনেল মেসি শুধু ফুটবল নয়, ক্রীড়াজগতেরই মহাতারকা। বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার এই আর্জেন্টাইন। ফোর্বসের সবচেয়ে দামী ক্রীড়াবিদ হিসেবে নিয়মিতই তাঁর নাম দেখা যায়। অর্থ খরচে কার্পণ্য দেখান না মেসি। নিজস্ব বিমানে করে বার্সেলোনা-আর্জেন্টিনা প্রায়ই উড়তে দেখা যায়। কিন্তু এমন জীবন নিয়েও হাঁপিয়ে ওঠেন মেসি।
মহাতারকার জীবন, সারাক্ষণ মিডিয়ার আতশি কাচের নিচে থাকছেন। প্রতিটি মুহূর্ত থাকতে হয় নজরদারিতে। ঘরের বাইরে পরিবার নিয়ে দুদণ্ড সময় কাটাতে চাইলেও সে ইচ্ছা পূরণ করতে পারেন না। আর দশজন বাবার মতো নিজের ছেলেদের স্বাভাবিক জীবনযাপনের স্বপ্নটাও পূরণ করতে পারেন না বলে দুঃখের কথাও জানিয়েছেন মেসি।
স্প্যানিশ টিভি চ্যানেলে লা সেক্সটার কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি।
প্রতিবেদক জর্দি ভোলের কাছে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। মৌসুম শুরু হওয়ার আগে দল ছাড়তে চাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। উঠে এসেছে ব্যক্তিগত বিষয়ও। আজ ২৭ ডিসেম্বর রাতে এটি প্রকাশিত হবে। তবে চুম্বক কিছু অংশ ২১ তারিখেই বেরিয়ে পড়েছিল। জর্দি ভোলই এ সাক্ষাৎকার নিয়ে আগ্রহ জন্মানোর জন্য কাজটা করেছিলেন।
গতকাল সাক্ষাৎকারের আরেকটি অংশ প্রকাশ করেছেন সেক্সটা চ্যানেলের এই প্রতিবেদক। সেখানেই নিজের পারিবারিক জীবন নিয়ে মেসির আক্ষেপের বিষয়টা উঠে এসেছে। বিশ্বের প্রতিটি প্রান্তে পরিচিত তিনি। তারকাখ্যাতিটা উপভোগও করেন। তাঁকে যে সবাই আলাদা দৃষ্টিতে দেখে, সেটা জানেন এবং এতে গর্বিত। কিন্তু এই তারকাখ্যতি তাঁর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। আর এ দিকটাই পোড়ায় মেসিকে।
পরিবার নিয়ে একটু স্বাভাবিক জীবন যাপন করার ইচ্ছা মেসির। সে ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে তাঁর কষ্টটাও টের পাওয়া গেছে এই সাক্ষাৎকারে, ‘যে জীবনটা উপভোগ করতে পারছি, এতে নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু মাঝেমধ্যে একদম সাদাসিধে অখ্যাত কেউ হতে ইচ্ছা করে। মার্কেটে যেতে, সিনেমা দেখতে বা কোনো রেস্তোরাঁয় গিয়ে খেতে ইচ্ছে করে, বিশেষ করে সঙ্গে যখন আমার বাচ্চারা থাকে।’
এ আক্ষেপ হয়তো সব সময় রয়ে যাবে মেসির। বিশ্বের যে প্রান্তেই যান না কেন, সেটা অবসরের পরে হলেও নিরাপত্তা ঘেরাটোপ ছাড়া কখনোই একাকী ছুটি কাটানোর সুযোগ নেই তাঁর মতো তারকার। লা সেক্সটার সঙ্গে মেসি তাই এ আক্ষেপ নিয়েও খুব বেশিক্ষণ পড়ে থাকেননি। বার্সেলোনা ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ চিন্তা নিয়ে কথা বলেছেন। আর জানিয়েছেন ক্যারিয়ারজুড়ে যত কোচ পেয়েছেন, তাঁদের মধ্যে সেরা মনে হয়েছে কোন দুজনকে।
মাত্র দুজন কোচই বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছেন। মেসির প্রিয় কোচও এ দুজনই। নিজের দেখা সেরা কোচ হিসেবে অবশ্যই পেপ গার্দিওলার নাম বলেছেন, তবে ভোলেননি অন্যজনের কথাও, ‘তাঁর (গার্দিওলা) মধ্যে বিশেষ কিছু আছে। তিনি আপনাকে সুন্দরভাবে দেখতে সাহায্য করেন। যেভাবে ম্যাচের জন্য প্রস্তুত হন, কীভাবে রক্ষণ সামলানো উচিত এবং কীভাবে আক্রমণে ওঠা উচিত—সবকিছুই দারুণভাবে দেখাতেন। আমি ভাগ্যবান যে গার্দিওলা ও লুইস এনরিকেকে কোচ হিসেবে পেয়েছি, সেরা দুজন, একদম প্রায় কাছাকাছি সময়ের মধ্যে। তাঁদের মানসিকতাই আমাকে শারীরিক, মানসিক ও ট্যাকটিকের দিক থেকে বেড়ে উঠতে সাহায্য করেছে।’
ভাগ্যিস, এনরিকে এখন স্পেনের কোচ। এমনিতেই মেসি বার্সেলোনা ছাড়তে চাওয়ায় গার্দিওলার কারণে সবাই মেসিকে ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখতে শুরু করেছিলেন। এমন ভূয়সী প্রশংসার পর এনরিকে কোনো ক্লাবের কোচ থাকলে এখন সে ক্লাবের সঙ্গেও জড়িয়ে যেত মেসির নাম।