প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ মে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মার্জিয়া-মারিয়াদের সামনে আরও বড় টুর্নামেন্ট অপেক্ষা করছে এবার। আগামী আগস্টে বাংলাদেশে হবে এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলা।
পরশু কুয়ালালামপুরে হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের ড্র। এতে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে ইরান, চীনা তাইপে, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুর। চার গ্রুপের চার চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। গতবারের চার সেমিফাইনালিস্ট উত্তর কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সরাসরি যোগ দেবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। অবশ্য ‘এ’ গ্রুপ থেকে থাইল্যান্ড চ্যাম্পিয়ন হলে ওই গ্রুপের রানার্সআপ দলটি সুযোগ পাবে চূড়ান্ত পর্বে খেলার।