বাছাইয়েই বিদায় আয়াক্সের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়াক্স সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ১৯৯৫ সালে। ইউরোপের কুলীন ক্লাব টুর্নামেন্টে তারা এখন জৌলুশ হারানো দল ঠিকই, তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলে প্রায় নিয়মিতই। গত চার মৌসুম গ্রুপ পর্বে খেলা চারবারের চ্যাম্পিয়ন আয়াক্স এবার টুর্নামেন্টের বাছাইপর্বেই ব্যর্থ। পরশু বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে অস্ট্রিয়ার দল র্যা পিড ভিয়েনার কাছে ২-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইয়োহান ক্রুইফের সাবেক ক্লাব!
চারবারের চ্যাম্পিয়নদের র্যা পিডের কাছে হারের ধরনটাই বেশি অবাক করা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করায় ঘরের মাঠে গোলশূন্য কিংবা ১-১ গোলে ড্র করলেও প্লে-অফ রাউন্ডে চলে যেত ফ্র্যাঙ্ক ডি বোরের দল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ায় ধরেই নেওয়া হয়েছিল প্লে-অফে যাচ্ছে আয়াক্স। কিন্তু বিস্ময়করভাবে তা হয়নি। র্যা পিড প্রথম লেগে পিছিয়ে পড়ে ড্র করেছিল। পরশুও দুই গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরে তারা। ৭৭ মিনিটে আরও একটি গোল করে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে নিশ্চিত করে প্লে-অফ রাউন্ড। এএফপি, রয়টার্স।