বাজিকরদের চোখে মেসি নন, ব্যালন ডি'অর জয়ের দৌড়ে রোনালদোর পরেই সালাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত ফর্মে থাকা সালাহ বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পথে এগিয়ে গেছেন অনেক। ছবি: রয়টার্স
দুর্দান্ত ফর্মে থাকা সালাহ বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পথে এগিয়ে গেছেন অনেক। ছবি: রয়টার্স

ব্যালন ডি’অর? ওটা তো মেসি-রোনালদোর সম্পত্তি। ১০ বছর ধরে দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছেন বর্ষসেরা ফুটবলারের মুকুট। এক দশকে তৃতীয় কেউ একবারের জন্যও দুশ্চিন্তায় ফেলতে পারেননি দুজনকে। এবার কি অন্য কিছু হতে যাচ্ছে? সেরা দুইয়ে ঢুকে পড়বেন কেউ? বাজিকরেরা তেমনটাই ভাবছেন। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির ওপরে রাখা হয়েছে মোহাম্মদ সালাহকে।

ভবিষ্যৎ ব্যালন বিজয়ী হিসেবে একজনের নামই শোনা গেছে গত কয়েক বছর—নেইমার। এবার তো সে উদ্দেশ্যে দলও বদলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু পিএসজির চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় আর নিজের চোট মিলিয়ে দৌড় থেকে অনেকটা ছিটকে গেছেন নেইমার। আর লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে এগিয়ে এসেছেন সালাহ। লিভারপুলের জার্সিতে এ মৌসুমে এর মাঝেই ৪৩ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে এএস রোমার বিপক্ষে দুই গোল করেছেন আর দুই গোল করিয়েছেন।

এমন পারফরম্যান্সেই বাজিকরদের কাছে নিজের দর বাড়িয়ে দিয়েছেন সালাহ। বাজিকরদের দর বাড়ানো মানে কিন্তু আমাদের হিসেবে উল্টোটা। মিসরীয় ফরোয়ার্ড ব্যালন জিতবেন, এমন বাজিতে এক ইউরোর বদলে ৩ ইউরোর দর হাঁকাচ্ছেন বুকিরা। সপ্তাহের শুরুতেই এ দর ছিল ১২/১। অর্থাৎ কেউ ১ ইউরো বাজি ধরলে ১২ ইউরো জিততেন। সালাহর জেতার সম্ভাবনা এখন এত বাড়ছে, বাজিকর প্রতিষ্ঠানগুলো তাই ঝুঁকি নিতে নারাজ।

দুর্দান্ত পারফরম্যান্সে দরটা চার ভাগে নামিয়ে আনলেন সালাহ। যেখানে বার্সেলোনাকে আরও একবার ডাবল জিতিয়েই ফেলা মেসির পক্ষে বাজির দর এখন ১৫/১। একই দর ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনারও!

২.৬৩/১ দর নিয়ে শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদকে আরেকটি চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারলে দরটা এ আরও কমিয়ে আনতে পারবেন সন্দেহ নেই। কিন্তু এ বছরটা বিশ্বকাপের। ফলে রাশিয়াতে দেশকে বিশ্বকাপ এনে দিতে পারলে মেসি কিংবা অনেক পিছিয়ে পড়া নেইমারও জিততে পারেন বর্ষসেরা ফুটবলারের মুকুট।