বাজেট বেড়ে ১৫ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু কাপ মাঠে গড়ানোর আগে সবচেয়ে বড় চমক কী?
বাজেট। ৬ কোটি টাকা থেকে সেটি এক লাফে বেড়ে দাঁড়াল ১৫ কোটিতে! বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় কাল এই প্রস্তাবিত বাজেট অনুমোদন হয়েছে।
এত দিন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলে আসছিলেন, ৬ কোটি টাকা হলেই টুর্নামেন্টটি করা যাবে। সেই অনুযায়ী চ্যানেল নাইনের কাছে ৬ কোটি টাকায় স্পনসরশিপ বিক্রি করা হয়েছে। কিন্তু বাজেটটা এখন আড়াই গুণ বেড়ে যাওয়ার কারণ কী?
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বললেন, ‘সভাপতির ধারণার চেয়েও টুর্নামেন্টের আকার বেড়েছে। জাতির জনকের নামে টুর্নামেন্ট আমরা জাঁকজমকপূর্ণ করব। সব কটি কমিটির দেওয়া বাজেট ১৫ কোটিতে পৌঁছেছে। কারণ, খরচ বেড়ে গেছে অনেক।’
পাঁচটি বিদেশি দলের যাতায়াত, হোটেল সোনারগাঁওয়ে থাকা-খাওয়া, যাতায়াতসহ আনুষঙ্গিক বাজেটই নাকি চার কোটি টাকা। দলগুলোর ঢাকা-সিলেট যাতায়াতে থাকবে চার্টার্ড বিমান! বাহরাইন বাদে বাকি বিদেশি দলগুলোকে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দর থেকেই চার্টার্ড বিমানে নিয়ে যাওয়া হবে সিলেটে। এলাহি কাণ্ড!
সারা দেশে প্রচারণা চালানোও বিশাল এক কর্মযজ্ঞ। ঢাকা-সিলেট নগরের পাশাপাশি ৬৪টি জেলায় প্রচারণার জন্য তাই বেশ বড় বাজেটই থাকছে। উৎসব কমিটির প্রধান শামসুল হক চৌধুরী জানিয়েছেন, ফাইনালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কয়েক মিনিটের আতশবাজির জন্য লাগবে ২৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্বোধন ও সমাপনী বাবদ ৫০ লাখ।
মিডিয়া ৫০ লাখ, টিকিট ও গেট ব্যবস্থাপনা ৩০ লাখ, মাঠ ২৫ লাখ, সুভ্যেনির কমিটি ১০ লাখ টাকা চেয়েছে। কাতার, ইরান ও চীনা তাইপে থেকে তিনজন করে রেফারি ও সহকারী রেফারির আসা-যাওয়া ও সম্মানী বাবদ ৩০-৩৫ লাখ। নিরাপত্তার জন্যও থাকছে বড় বাজেট। অর্থ পুরস্কার থাকবে, অঙ্কটা নির্ভর করবে টাকার প্রবাহের ওপর।
স্পনসর চ্যানেল নাইনের ৬ কোটি বাদ দিলে বাকি ১১ কাটি টাকার উৎস কী? এখন পর্যন্ত এসব চূড়ান্ত হয়নি। ২ লাখ টিকিট বিক্রি করে ২ কোটি টাকা আয়ের প্রত্যাশা ফেডারেশনের। এ ছাড়া স্পনসররা নাকি ভালো সাড়াই দিচ্ছে। তাই ‘বাজেটে কিছু ঘাটতি থাকতে পারে’ বলে সালাম যোগ করলেন, ‘১৫ কোটি টাকা তুলে ফেলব আশা করি।’
তাঁর পাশে বসে সুভ্যেনির কমিটির প্রধান হারুনুর রশিদ, সত্যজিৎ দাস, আমিরুল ইসলাম, ইলিয়াস হোসেন, ইকবাল হোসেনরাও বললেন, টাকা জোগাড় হয়ে যাবে।
সর্বোচ্চ নিরাপত্তার ছক
টুর্নামেন্টের নিরাপত্তাবিষয়ক কমিটি কালই সভায় বসেছিল প্রথম। কমিটির প্রধান পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান জানালেন, ফিফা ও এএফসির নিরাপত্তার আদলেই সবকিছু করা হবে।
দ্বিস্তর বা ত্রিস্তর জাতীয় শব্দ ব্যবহার না করে ‘যথোপযুক্ত নিরাপত্তা’র কথাই বললেন বাফুফের এই সদস্য। তিনি নিজেও এফসির নিরাপত্তা কর্মকর্তা, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান, ‘সাদাপোশাকেও নিরাপত্তাবাহিনী থাকবে, র্যাবও সহায়তা করবে। প্রয়োজনীয় সবই করব আমরা।’
দেশে অবরোধ-হরতালে নাশকতা চলছে। ভীতিকর অবস্থা চারদিকে। তার পরও সর্বোচ্চ নিরাপত্তায় টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের আশাবাদ তাঁর মুখে।